মসুলে আইএস কমান্ডার নিহত
ইরাকের মসুলের পুরোনো শহরের ইসলামিক স্টেটের (আইএস) কমান্ডারকে হত্যা করা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, গতকাল মঙ্গলবার আইএসের সামরিক কমান্ডার আবু আবদুল রহমান আল-আনসারিকে হত্যা করে ইরাকি বাহিনী।
ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল পুনরুদ্ধারে দেশটির বাহিনী অভিযান চালাচ্ছে। শহরটি ২০১৪ সাল থেকে আইএসের নিয়ন্ত্রণে রয়েছে। ইরাকে আইএসের শেষ বড় ঘাঁটি এই মসুল।
ইরাকি বাহিনী ইতিমধ্যে মসুলের একটা বড় অংশ পুনর্দখলে নিতে সক্ষম হয়েছে। আইএসবিরোধী এই অভিযানে ইরাকি বাহিনীকে যুক্তরাষ্ট্র সমর্থন দিচ্ছে।
ইরাকের কেন্দ্রীয় পুলিশের এক কর্মকর্তার ভাষ্য, গতকাল মসুলের বাব আল-টোব জেলাকে আইএসমুক্ত করার অভিযানকালে জঙ্গি সংগঠনটির পুরোনো শহরের সামরিক কমান্ডার আল-আনসারি নিহত হন।
আল-আনসারির মৃত্যুকে মসুলের যুদ্ধে আইএসের জন্য একটি বড় ধাক্কা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
ইরাকি বাহিনীর অভিযানের মুখে আইএসের অনেক যোদ্ধা ইতিমধ্যে মসুল থেকে পিছু হটেছে। মসুলে আইএস-নিয়ন্ত্রিত এলাকা ক্রমেই সংকুচিত হয়ে আসছে। নিজেদের নিয়ন্ত্রণে থাকা অবশিষ্ট এলাকার দখল ধরে রাখতে মরিয়া হয়ে লড়ছে আইএস। এদিকে তাইগ্রিস নদীর ওপর একটি লোহার সেতুর দখল নেওয়ার চেষ্টায় আছে ইরাকি বাহিনী।