মসুলে প্রচণ্ড লড়াই, পালাচ্ছে মানুষ
মসুল শহরের পূর্বাঞ্চলে ইরাকের সরকারি বাহিনী ও ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের মধ্যে ‘প্রচণ্ড’ সংঘর্ষের খবর পাওয়া গেছে। গতকাল শনিবার এ সংঘর্ষের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় অনেক বেসামরিক মানুষ পালানোর জন্য শহরটির উপকণ্ঠে জড়ো হয়েছে বলে জানা গেছে।
আইএসের কাছ থেকে মসুলের নিয়ন্ত্রণ ফিরে পেতে গত ১৭ অক্টোবর ইরাকের সরকারি বাহিনী ও কাউন্টার টেররিজম সার্ভিস (সিটিএস) ব্যাপক আকারে অভিযান শুরু করে। জঙ্গিরা প্রচণ্ড চাপে পড়লেও এখন পর্যন্ত সরকারি বাহিনী শহরটির নিয়ন্ত্রণ নিতে পারেনি। সরকারি বাহিনী শহরটির ভেতরে প্রবেশের চেষ্টা করছে। ত্রাণকর্মীরা সতর্ক করে বলেছেন, সংঘর্ষ চলাকালে স্থান পরিবর্তন করতে গেলে বেসামরিক ব্যক্তিদের হতাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
সিটিএসের স্টাফ লেফটেন্যান্ট কর্নেল মুনতাধার সালেম বলেন, ‘শনিবার সকাল থেকে সংঘর্ষ বেড়েছে। আল-বকর এলাকায় হামলা শুরু করার আগে আরবাজিয়াহতে অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছি আমরা।’ পরে তিনি বলেন, তাঁরা মূলত আল-বকরকে চারদিক থেকে ঘিরে ফেলতে চান। পরে এর ভেতরে আক্রমণ চালানো হবে।
স্টাফ লেফটেন্যান্ট কর্নেল আলী ফাধেল এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, তাঁদের গতিবিধি পর্যবেক্ষণ করতে ড্রোন ব্যবহার করছে আইএসের জঙ্গিরা। এর মধ্যে একটি ড্রোন গুলি করে অকেজো করা হয়েছে।
এদিকে সংঘর্ষের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় অনেক বেসামরিক মানুষ মসুল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। ইরাকের সরকারি বাহিনীর অভিযান শুরু হওয়ার পর থেকে ৪৯ হাজারেরও বেশি মানুষ শহরটি ছেড়ে গেছে। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন গতকাল এ তথ্য দিয়েছে। আর ত্রাণকর্মীরা বলছেন, ইরাকের দ্বিতীয় বৃহত্তম এ নগরে যুদ্ধের কারণে ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হতে পারে।
৬০ জনকে হত্যা করেছে আইএস: জাতিসংঘ বলেছে, ইরাকের সরকারি বাহিনীর সঙ্গে হাত মেলানোর অভিযোগ তুলে চলতি সপ্তাহে মসুলে ৬০ জনেরও বেশি মানুষকে গুলি করে হত্যা করেছে জঙ্গিগোষ্ঠী আইএস। তাদের লাশ পরে বিদ্যুতের খুঁটিতে ঝুলিয়ে রাখা হয়।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তরের মুখপাত্র রাভিনা শামদাসানি গত শুক্রবার এক বিবৃতিতে বলেন, ‘গত মঙ্গলবার আইএস মসুলে ৪০ জন বেসামরিক ব্যক্তিকে বিশ্বাসঘাতকতা ও ইরাকের সরকারি বাহিনীর (আইএসএফ) সঙ্গে হাত মেলানোর অভিযোগে গুলি করে হত্যা করে। এরপর মসুল শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুতের খুঁটিতে এঁদের মৃতদেহ ঝুলিয়ে রাখা হয়।’