মসুলে মানবঢাল ব্যবহার করছে আইএস

যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে, ইরাকের মসুল শহরে সাধারণ নাগরিকদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। দুই বছরের বেশি সময় ধরে শহরটি দখলে রয়েছে। এ শহর পুনর্দখলে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর অভিযান আজ তিন দিন পার করছে।
বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, মুসলে সাত লাখের মতো মানুষ রয়েছে বলে ধারণা করা হয়। আইএসের যোদ্ধার সংখ্যা পাঁচ হাজারের মতো। জোট বাহিনী দাবি করেছে, ইতিমধ্যেই মসুলের ১০টির মতো এলাকা থেকে আইএস জঙ্গিদের হটিয়ে দিয়েছে তারা।
এ শহর পুনর্দখলে ইরাকের সরকারি বাহিনী দক্ষিণ দিক থেকে আক্রমণ শুরু করেছে। আইএসবিরোধী কুর্দিপন্থী জোট হামলা শুরু করেছে পূর্ব দিক থেকে।
মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনের কর্মকর্তা জেফ ডেভিস বলেন, মসুলে সাধারণ মানুষের ইচ্ছার বিরুদ্ধে তাদের ব্যবহার করছে আইএস। এ শহর থেকে কাউকে বের হতে দেওয়া হচ্ছে না।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়, আইএস তাদের শহর থেকে বের হতে দিচ্ছে না। হামলার লক্ষ্যবস্তু হতে পারে, এমন ভবনেও রাখা হচ্ছে তাদের।
এদিকে জাতিসংঘ মসুলের কাছাকাছি একটি শরণার্থীশিবির গড়ে তোলার কাজ শুরু করেছে। জাতিসংঘের মানবিক সহায়তা বিভাগের সমন্বয়ক লিজ গ্রান্দে বলেছেন, মসুল পুনর্দখলের এ অভিযানে আগামী এক সপ্তাহের মধ্যে দুই লাখ মানুষের জরুরি আশ্রয়ের প্রয়োজন হতে পারে।
মসুলে মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনী ও কুর্দি বাহিনী মূল শহর থেকে এখনো ৩০ থেকে ৪০ কিলোমিটার দূরে আছে বলে জানা গেছে। জোট ও কুর্দি বাহিনী মিলে ৩৪ হাজার সদস্যের বাহিনী এ হামলায় অংশ নিয়েছে।