জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) কাছ থেকে ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল পুনরুদ্ধার অভিযানে লড়াই তীব্র আকার নিয়েছে। শহরের পশ্চিমাঞ্চলে ইরাকি বাহিনীর এ অভিযানে সহায়তা দিচ্ছে মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনী। উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ বলেছে, সম্প্রতি এই যৌথ বাহিনীর বিমান হামলায় শহরে অন্তত দুই শ বেসামরিক লোক নিহত হয়েছে।
পশ্চিম মসুলের জাদিদেহ এলাকা থেকে সাংবাদিকেরা বলেছেন, ওই এলাকায় গত শুক্রবার তাঁরা কয়েকটি ভবন থেকে অর্ধশত দেহাবশেষ উদ্ধার করতে দেখেছেন। কয়েক দিন আগে বিমান হামলায় ওই ভবনগুলো বিধ্বস্ত হয়।
বাগদাদে মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনীর মুখপাত্র কর্নেল জোসেফ স্ক্রকা বলেন, বেসামরিক লোক হতাহত হওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। তবে তিনি এ-ও বলেন, ‘এই প্রক্রিয়া সময়সাপেক্ষ, বিশেষ করে যখন বিমান হামলার তারিখটাই প্রশ্নবিদ্ধ।’
দুই শ লোক নিহত হওয়া বিমান হামলাটি কবে পরিচালিত হয়, তা স্পষ্ট নয়। সেনা সূত্রের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমস বলেছে, ১৭ মার্চ থেকে গত বৃহস্পতিবারের মধ্যে ওই হামলা হয়েছে।
২০১৪ সালে মসুল দখল করে নেয় আইএস। ইরাকে বর্তমানে এটাই তাদের শেষ শক্ত ঘাঁটি। দেশটির সরকারি বাহিনী দীর্ঘ প্রস্তুতির পর মসুল থেকে আইএসকে উৎখাতের অভিযান শুরু করে।
মসুল থেকে পালিয়ে যাওয়া অনেক বাসিন্দা অভিযোগ করেছেন, জঙ্গিরা বেসামরিক লোকদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে, তাদের বাড়িঘরে আশ্রয় নিচ্ছে এবং ইরাকি বাহিনীর বিরুদ্ধে তরুণদের লড়াই করতে বাধ্য করছে।
এদিকে এএফপি জানিয়েছে, সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগের পরিপ্রেক্ষিতে জাতিসংঘের যে তদন্ত চলছে, তার আওতা ইরাক পর্যন্ত সম্প্রসারণের প্রস্তাব করেছে রাশিয়া ও চীন। গত শুক্রবার অনুষ্ঠিত নিরাপত্তা পরিষদের আলোচনায় প্রস্তাবটি করা হয়। তবে যুক্তরাজ্য তা প্রত্যাখ্যান করেছে।