মসুলে হামলায় নিহত আইএস নিযুক্ত গভর্নর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের মসুল শহরে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) নিযুক্ত গভর্নর হাসান সাইদ আল-জাবুরি বিমান হামলায় নিহত হয়েছেন। ইরাকের পুলিশ এ কথা বলেছে।
এদিকে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী গত শুক্রবার ইরাক ও সিরিয়ায় আইএসের লক্ষ্যবস্তুতে ৩১ বার বিমান হামলা চালিয়েছে। খবর সিএনএন ও বিবিসির।
ইরাক ও সিরিয়ার বেশ কিছু অংশ আইএসের নিয়ন্ত্রণে রয়েছে। আইএস সম্প্রতি মসুলের গভর্নর হিসেবে হাসান সাইদ আল-জাবুরিকে নিযুক্ত করে। তিনি আবু তালুত নামেও পরিচিত। ইরাকি পুলিশের আঞ্চলিক কমান্ডার মেজর জেনারেল ওয়াতেক আল-হামদানি জানান, মসুলের দক্ষিণাঞ্চলের কাইয়েরা গ্রামে গত বৃহস্পতিবার চালানো হামলায় হাসান সাইদ নিহত হয়েছেন। গভর্নর নিযুক্ত হওয়ার এক মাসের কম সময়ের মধ্যে নিহত হলেন তিনি।
হাসান সাইদের আগে আইএস মসুলের গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছিল রাদবান তালেব আল-এবাদিকে। মার্কিন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, রাদবানও মার্কিন বিমান হামলায় নিহত হন। এর পরই হাসান সাইদকে গভর্নরের দায়িত্ব দেয় আইএস।