মসুলের আরও ভেতরে ইরাকি বাহিনী

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) কবজা থেকে গুরুত্বপূর্ণ মসুল শহরকে মুক্ত করার লড়াই তীব্রতর হয়েছে। গতকাল শনিবার মসুলের পশ্চিমাঞ্চলের আরও ভেতরে প্রবেশ করেছে ইরাকি বাহিনী। এদিকে লড়াইয়ের মাত্রা বেড়ে যাওয়ায় ওই এলাকা থেকে আরও প্রায় এক হাজার বেসামরিক লোক অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে।
গত মাসে মসুলের পূর্বাঞ্চল থেকে আইএস হটানোর অভিযান শেষ করার পর এক সপ্তাহ আগে নতুন এই অভিযান শুরু করে ইরাকি বাহিনী। সমর অধিনায়কেরা মনে করছেন, পূর্বাঞ্চলের চেয়ে পশ্চিমাঞ্চলের লড়াই আরও কঠিন হবে। কারণ, শহরের পুরোনো এ অংশের অলিগলিগুলোয় ট্যাংক এবং সাঁজোয়া যান ঢুকতে পারবে না। তবে এ আশঙ্কার পরও ইরাকি বাহিনী যথেষ্ট দ্রুতগতিতে মসুল শহরের পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকা পুনর্দখল করেছে। এ শহরের বিমানবন্দর এর অন্যতম। গত বৃহস্পতিবার বিমানবন্দরটি দখলে নেয় ইরাকি বাহিনী। আইএস জঙ্গিদের তৈরি তিন মিটার উঁচু মাটির ঢিবি ও পরিখা অতিক্রমে এখন এই জায়গা সহায়ক এলাকা হিসেবে ব্যবহারের পরিকল্পনা চলছে।
মসুল পুনর্দখলের অভিযানে ইরাকি বাহিনী, শিয়া মিলিশিয়া ও উপজাতীয় সুন্নি যোদ্ধাদের সমন্বয়ে গঠিত এক লাখ যোদ্ধা অংশ নিচ্ছে। আর মার্কিন নেতৃত্বাধীন যৌথবাহিনীর যুদ্ধবিমানগুলো হামলা চালানোর পাশাপাশি এ বাহিনীর একটি স্থলবাহিনী ইরাকি বাহিনীর দিকনির্দেশনা ও প্রশিক্ষণের দায়িত্বে রয়েছে।
মসুল শহরের পুরোনো অংশের মসজিদটির তিন কিলোমিটারের মধ্যে ঢুকে পড়েছে অগ্রসরমান সরকারি বাহিনী। ওই মসজিদ থেকেই ২০১৪ সালে ইরাক ও সিরিয়ার বিভিন্ন অংশে খেলাফত প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন আইএস নেতা আবু বকর আল-বাগদাদি।
বিশ্লেষকেরা বলছেন, মসুল হাতছাড়া হওয়া আইএসের ওপর একটা চরম আঘাত হবে। তবে খুব সহজেই এই জঙ্গিগোষ্ঠীকে নির্মূল করা যাবে না। কারণ, তারা এখনো সিরিয়ার বেশ কিছু এলাকা এবং ইরাকের উত্তর ও পশ্চিমাঞ্চলের কিছু এলাকা নিজেদের নিয়ন্ত্রণে ধরে রেখেছে।
ইরাকি বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল হিশাম আবদুল কাদিম বলেন, মসুলের বিমানবন্দর পুনর্দখলের পরপরই ফেডারেল পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি এলিট ইউনিট ওই এলাকা এবং এর উত্তরে তায়ারান এলাকার বাড়িগুলোয় তল্লাশি চালাতে শুরু করেছে। তবে আইএস জঙ্গিরা সড়কের পাশে পুঁতে রাখা বোমা ও স্নাইপার রাইফেলের মাধ্যমে গুলি ছুড়ে অভিযানকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করছে।
ইরাকি বাহিনীর জ্যেষ্ঠ অধিনায়কদের একজন লেফটেন্যান্ট জেনারেল আবদেলওয়াহাব আল-সাদি বলেন, সন্ত্রাস দমনে নিয়োজিত বাহিনী আলাদাভাবে মসুলের ওয়াদি হাজর ও আল-মামুন এলাকায় দুদিক থেকে অগ্রসর হচ্ছে। তিনি আরও জানান, গতকাল সকালে আইএসের একটি আত্মঘাতী গাড়ি বোমা হামলার চেষ্টাও নস্যাৎ করে দেওয়া হয়েছে। লক্ষ্যে পৌঁছানোর আগেই ইরাকি বাহিনী গাড়িটিকে ধ্বংস করে দিয়েছে।
এদিকে লড়াইয়ের ডামাডোল থেকে বাঁচতে গতকাল আরও এক হাজার বেসামরিক লোক মসুলের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাড়িঘর ছেড়ে চলে গেছে। তাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি।