মসুলের আরও ভেতরে ঢুকেছে ইরাকি বাহিনী
পশ্চিম মসুলে ইসলামিক স্টেটের (আইএস) ঘাঁটির দিকে আরও অগ্রসর হয়েছে ইরাকি বাহিনী। বুধবার শহরের উত্তর-পশ্চিমে অবস্থিত কারাগার দখলে নিয়েছে তারা। সেনারা সেখানে ইরাকের জাতীয় পতাকা টাঙিয়ে দিয়েছে। ২০১৪ সালে কারাগারটি দখলের
পর সেখানকার প্রায় ৬০০ বন্দীকে হত্যা করেছিল ইসলামিক স্টেট (আইএস)। এর অধিকাংশ ছিল শিয়া মুসলমান।
ইরাকি সেনা কর্মকর্তারা বলেছেন, তাঁরা এখন পশ্চিম মসুলের উত্তর অংশে প্রবেশের প্রধান সড়ক দখলের জন্য লড়াই করছেন। সড়কটির উল্লেখযোগ্য অংশের নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, মসুলই ইরাকে আইএসের শেষ বড় ঘাঁটি।
পশ্চিম মসুলে অবস্থিত পুলিশের আঞ্চলিক দপ্তর, আদালত, হাসপাতাল, পানি ও বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র কয়েক দিন আগে দখলে নেয় সরকারি বাহিনী। এরপর ধীরে ধীরে অগ্রসর হচ্ছে মসুলে আইএসের শেষ ঘাঁটির দিকে। মার্কিন ও ইরাকি কর্মকর্তারা বুধবার বলেন, তাঁদের ধারণা, আইএস-প্রধান আবুবকর আল বাগদাদি নিজে ঘাঁটি ছেড়ে মরুভূমিতে পালিয়ে গেছেন। এর আগে খবর বের হয়, বাগদাদি যোদ্ধাদের পালিয়ে যেতে বা আত্মঘাতী হতে বলেছেন।
মসুলে সাফল্যে অনুপ্রাণিত ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি বুধবার বলেন, তাঁর দেশের সামরিক বাহিনী এখন সিরিয়াসহ প্রতিবেশী দেশগুলোতে থাকা আইএসের ঘাঁটিতেও হামলা চালাতে প্রস্তুত রয়েছে। তবে সংশ্লিষ্ট দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন করা হবে এবং তাদের অনুমতি নিয়েই হামলা চালানো হবে।