মসুলের কাছের শহর আইএসমুক্ত করার দাবি কুর্দিদের
ইরাকের অতিগুরুত্বপূর্ণ মসুল শহরের কাছের শহর বাশিকা থেকে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) গতকাল রোববার হটানোর দাবি করেছেন কুর্দি যোদ্ধারা। ইরাকে আইএসের সর্বশেষ ঘাঁটি বলে পরিচিত মসুল পুনর্দখলে আন্তর্জাতিক বাহিনীর সহায়তায় ইরাকি বাহিনী যখন প্রচণ্ড আক্রমণ চালিয়ে যাচ্ছে, তখন কুর্দি যোদ্ধারা এ দাবি করলেন।
যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা বলেন, ইরাকি কুর্দি দল ‘ইরাকি কুর্দিস রিজিওন’-এর প্রেসিডেন্ট মাসুদ বারজানি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টারকে বলেছেন, আইএসের কাছ থেকে বাশিকা শহর মুক্ত করতে সক্ষম হয়েছেন কুর্দি যোদ্ধারা।
আর কুর্দি পেশমার্গা যোদ্ধারা সাংবাদিকদের বলেন, তাঁরা ওই শহরে ঢুকেছেন। তবে সাংবাদিকদের শহরটিতে ঢুকতে দেওয়া হয়নি। ফলে নিরপেক্ষ সূত্রে এই খবরের বস্তুনিষ্ঠতাও যাচাই করা যায়নি। বাশিকা পুনর্দখলে এক সপ্তাহ ধরে আক্রমণ চালাচ্ছেন কুর্দি যোদ্ধারা। এতে অংশ নিচ্ছেন তাঁদের প্রায় ১০ হাজার সদস্য।
এএফপি বলেছে, মসুল পুনর্দখলে চলা অভিযান পর্যালোচনা করতে কুর্দিদের সঙ্গে আলোচনার লক্ষ্যে গতকাল ইরাকের স্বশাসিত অঞ্চল কুর্দিস্তানে গেছেন পেন্টাগনের প্রধান ও মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টার। কুর্দি নেতা মাসুদ বারজানির সঙ্গেও তাঁর আলোচনায় বসার কথা রয়েছে।
এর আগে গত শনিবার ইরাকের রাজধানী বাগদাদে যখন কার্টার বৈঠক করছিলেন, তখন একজন মার্কিন সেনা কর্মকর্তা বলেছিলেন, কুর্দি যোদ্ধারা বাশিকা পুনর্দখলের প্রায় কাছাকাছি অবস্থানে পৌঁছেছেন।
গত ১৭ অক্টোবর থেকে কুর্দিদের ওই আক্রমণ শুরুর প্রথম কয়েক দিনেই তাঁরা বাশিকার পূর্বাঞ্চলীয় যুদ্ধক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেন। ওই সময় বাগদাদে থাকা অ্যাশ কার্টারও কুর্দি পেশমার্গা যোদ্ধারা যেভাবে ইরাকি নিরাপত্তা বাহিনীর (আইএসএফ) সঙ্গে সমন্বয় করে এগোচ্ছিলেন তার প্রশংসা করেন।
ইরাকে মার্কিন নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল স্টিফেন টাউনসেন্ড শনিবার বলেছিলেন, আক্রমণের অগ্রগতি সন্তোষজনক হলেও আইএস কঠিন প্রতিরোধ গড়ে তুলছে। প্রত্যাশার চেয়েও তাদের এ প্রতিরোধ জোরালো।
মার্কিন সেনা কর্মকর্তারা ধারণা করছেন, আইএস তার শেষ শক্ত ঘাঁটি মসুল রক্ষায় জোর প্রস্তুতি নিচ্ছে। ২০১৪ সালের জুনে এ শহরেই আইএস তাদের কথিত ‘খিলাফত’ প্রতিষ্ঠার ঘোষণা দেয়। শহরটিতে তাদের তিন থেকে পাঁচ হাজার যোদ্ধা থাকতে পারে। এ ছাড়া এর আশপাশে থাকতে পারেন আরও দুই থেকে এক হাজার যোদ্ধা।
আইএসের কাছ থেকে বাশিকা পুনর্দখলের ঘটনা মসুলে এই গোষ্ঠীর সদস্যদের সঙ্গে প্রথম দফার তীব্র স্থল লড়াই শুরুর প্রাথমিক আভাস হতে পারে বলে এএফপির কাছে ফ্রান্সের একজন সরকারি কর্মকর্তা মন্তব্য করেছেন।