মসুলের দক্ষিণে আইএসের তীব্র প্রতিরোধের মুখে ইরাকি বাহিনী
ইরাকের মসুলের দক্ষিণে ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধাদের তীব্র প্রতিরোধের মুখে থমকে গেছে ইরাকি বাহিনীর অগ্রযাত্রা। আইএস যোদ্ধারা গতকাল বুধবারও সে অঞ্চলে তীব্র প্রতিরোধ বজায় রাখতে সক্ষম হয়। এর ফলে আইএসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য শহরটির পূর্ব থেকে এগোতে থাকা এলিট বাহিনীর যাত্রাও কিছুটা বাধাগ্রস্ত হয়।
মসুলের দক্ষিণে কায়ারা বিমানঘাঁটির মুখপাত্র মেজর ক্রিস পার্কার বলেন, ‘ইরাকি বাহিনী যতই মসুলের কাছাকাছি যাচ্ছে, আমরা দেখছি যে দায়েশের (আইএস) প্রতিরোধ ততই বাড়ছে।’
১০ দিন ধরে চলা এই অভিযানে ইরাকি সেনা ও পুলিশ বাহিনী এখন মসুলের ২০ মাইল দক্ষিণের শোরা অঞ্চলের গ্রাম থেকে আইএসকে উৎখাত করতে চাইছে। ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল দেশটিতে আইএসের নিয়ন্ত্রণে থাকা সর্বশেষ বড় শহর। এটি ২০১৪ সাল থেকে আইএসের নিয়ন্ত্রণে রয়েছে। মসুলের দখল ফিরে পেতে দীর্ঘ প্রস্তুতির পর সরকারি বাহিনী এ অভিযান শুরু করেছে।
জাতিসংঘের দাতা সংস্থাগুলো বলছে, প্রচণ্ড লড়াইয়ের কারণে ইতিমধ্যে প্রায় ১ হাজার ৬০০ লোক বাড়ি ছেড়ে গেছে। ইরাকে জাতিসংঘের মানবিক সমন্বয়কারী লাইস গ্রান্ডে মঙ্গলবার বলেন, ‘হয়তো আগামী কয়েক দিনের মধ্যে গণহারে মানুষ পালাবে।’
বিবিসির খবরে বলা হয়, ইরাকি বাহিনী মসুলের কাছাকাছি যাওয়ায় আইএসের নৃশংসতার খবর পেয়েছেন জাতিসংঘের মানবাধিকারকর্মীরা।
সিরিয়ায় শিশুসহ নিহত ২০: এদিকে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের বিদ্রোহী-নিয়ন্ত্রিত একটি গ্রামে বিমান হামলায় ২০ জনের বেশি লোকের প্রাণহানি ঘটেছে, যাদের বেশির ভাগই শিশু। ইদলিব প্রদেশের হাস গ্রামের বিভিন্ন স্থানে বিমান হামলা হয়। এর মধ্যে একটি স্কুলও ছিল। এটি সিরীয় সরকার নাকি রাশিয়ার যুদ্ধবিমানের হামলা, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
অন্যদিকে তুরস্ক বলেছে, সিরিয়ায় আইএসের বিরুদ্ধে লড়াই করা তুরস্ক-সমর্থিত বিদ্রোহীদের ওপর বিমান হামলা হয়েছে। এ হামলা সিরিয়ার সরকারি বিমানের বলে সন্দেহ প্রকাশ করেছে তুরস্ক।