ইরাকে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সবশেষ শক্ত ঘাঁটি মসুলের দক্ষিণ-পূর্বের আরও দুটি জেলায় লড়াই করতে করতে এগিয়ে যাচ্ছে সরকারি বাহিনী। কিন্তু আইএস বেসামরিক নাগরিকদের মানব ঢাল হিসেবে ব্যবহার করার পুরোনো কৌশল অবলম্বন করায় সরকারি বাহিনী গতি কিছুটা মন্থর করতে বাধ্য হয়েছে। গতকাল মঙ্গলবার ইরাকের এক সেনা মুখপাত্র এ কথা বলেছেন।
এদিকে জাতিসংঘ জানিয়েছে, মসুলে সম্প্রতি লড়াইয়ের মাত্রা বেড়েছে। এ কারণে গত দুই সপ্তাহে এর কাছের হাসপাতালগুলোতে বেসামরিক লোকদের ভর্তি হওয়ার সংখ্যাও বেড়েছে।
নতুন বছরের শুরু থেকে ইরাকের এলিট বাহিনী মসুলের পূর্ব ও উত্তর-পূর্বে এগিয়েছে। মসুল শহরকে বিভক্তকারী টাইগ্রিস নদীতে প্রথমবারের মতো পৌঁছেছে মার্কিন মদদপুষ্ট বাহিনী। আর মসুলের দক্ষিণ-পূর্বের পার্শ্ববর্তী এলাকায়ও লড়াই আরও বেড়েছে। উল্লেখ্য, মসুল থেকে আইএসকে হঠাতে গত অক্টোবরে শুরু হওয়া সরকারি বাহিনীর অভিযানে ইতিমধ্যে শহরটির আশপাশের অনেক গ্রাম ও শহর এবং শহরের পূর্বের অর্ধেক অংশের বেশির ভাগ পুনর্দখল করা হয়েছে।
ইরাকের ফেডারেল পুলিশের র্যাপিড রেসপন্স ইউনিটের মুখপাত্র লে. কর্নেল আবদেল আমির আল-মোহাম্মেদাওয়ী মঙ্গলবার বলেন, ‘চ্যালেঞ্জ হলো, তারা (আইএস) বেসামরিক পরিবারগুলোর মধ্যে লুকিয়ে আছে। এ কারণে ধীর গতিতে ও সতর্কভাবে এগোতে হচ্ছে আমাদের।’
পুলিশের মুখপাত্র আরও বলেন, ‘র্যাপিড রেসপন্স ইউনিট ও ইরাকের সেনাবাহিনী গত দিন (সোমবার) ফিলিস্তিন ও সুমের জেলায় লড়াই করতে করতে এগিয়ে গেছে। কিন্তু সেখান থেকে পালাতে চেষ্টা করা সাধারণ লোকদের আইএস যোদ্ধারা গুলি করে।...তারা (আইএস) কোনো জেলা থেকে সরে যাওয়ার সময় এলোপাতাড়ি গোলাবর্ষণ করে যায়।’
জাতিসংঘের মানবিক সমন্বয় অফিস (ওসিএইচএ) বলেছে, গত সপ্তাহে মসুলের বাইরে কুর্দিনিয়ন্ত্রিত এলাকার শহরগুলোতে যুদ্ধাহতসহ প্রায় ৭০০ লোককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে হাসপাতালে চিকিৎসা নেওয়ার প্রয়োজন হয় আরও ৮০০-এর বেশি লোকের।
এদিকে এএফপির খবরে বলা হয়, পেন্টাগনের মুখপাত্র নেভি ক্যাপ্টেন জেফ দাভিস গত সোমবার বলেন, মসুলে ইরাকি বাহিনীর বিরুদ্ধে আইএসের ব্যবহার করা ট্রাকবোমা বিস্ফোরণ আগের তুলনায় কমেছে। আইএস নিজেদের অবস্থান ছেড়ে পালাচ্ছে বলে উল্লেখ করে পেন্টাগনের এই মুখপাত্র আরও বলেন, তারাও (আইএস) বুঝে গেছে তাদের পরাজয় আসন্ন। তাদের পলায়নপরতা এরই ইঙ্গিত।