মসুলের দিকে আরও এগিয়েছে ইরাকি বাহিনী
ইরাকে ইসলামিক স্টেটের (আইএস) শেষ বড় ঘাঁটি মসুলের আরও কাছাকাছি পৌঁছেছে সরকারি বাহিনী। জঙ্গিগোষ্ঠীটির কাছ থেকে মসুল পুনর্দখল করতে গতকাল রোববার ইরাকি সেনারা শহরটির দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক দিয়ে অগ্রসর হয়েছে। মার্কিন নেতৃত্বাধীন জোট এতে তাদের সমর্থন দিচ্ছে।
এদিকে ইরাকের মসুলের ঘাঁটি ও প্রতিবেশী সিরিয়ার মধ্যকার আইএসের সরবরাহ লাইন বন্ধের লক্ষ্যে অভিযান শুরু করেছে শিয়া আধা সামরিক বাহিনী।
বলা হচ্ছে, মসুলে আইএস হেরে গেলেই তা ইরাকে জঙ্গি দলটির পতন ডেকে আনবে। কিন্তু মসুলের লড়াই যে সবচেয়ে কঠিন হবে, এমন আভাসই বেশি। এ কারণে দীর্ঘ সময় ধরে এ অভিযানের প্রস্তুতি নেয় ইরাক সরকার।
ইরাকি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তাদের নবম সাঁজোয়া ডিভিশন মসুল থেকে সাত কিলোমিটার দক্ষিণ-পূর্বের আলী রাশ গ্রাম দখল করে ইরাকি জাতীয় পতাকা উড়িয়ে দেয়। এক কর্মকর্তা বলেন, আরও দক্ষিণে নিরাপত্তা বাহিনী শনিবার আইএসের কাছ থেকে পুনর্দখল আল শুরা শহর থেকে হাম্মাম আল-আলিল শহরের দিকে অগ্রসর হচ্ছে। ওই শহরটির অবস্থান আল শুরা ও মসুলের মাঝামাঝি।
এদিকে ইরান-সমর্থিত শিয়া মিলিশিয়া বাহিনী হাশেদ আল-শাবির সদস্যরা শনিবার থেকে মসুলের পশ্চিম প্রান্তে অবস্থিত তাল আফার শহরের দিক থেকে অগ্রসর হতে শুরু করেছেন। হাশেদের মুখপাত্র আহমেদ আল-আসাদি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘মসুল ও সিরিয়ার রাকার মধ্যকার সরবরাহ লাইন বিচ্ছিন্ন করে দিতে এবং মসুল ও তাল আফার শহরে আইএসের বিরুদ্ধে অবরোধ জোরদার করতে অভিযানটি চালানো হচ্ছে।’
উদ্ভূত পরিস্থিতিতে প্রতিবেশী তুরস্কও মসুলের পূর্বে সেনা মোতায়েন করেছে। যদিও বাগদাদের পক্ষ থেকে বারবার তুরস্কের সেনা প্রত্যাহারের দাবি করা হচ্ছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান শনিবার তাল আফারের তুর্কি বাসিন্দাদের ওপর হামলা না করতে শিয়া মিলিশিয়াদের হুঁশিয়ার করেছেন। মসুল অভিযানে শিয়া মিলিশিয়াদের অন্তর্ভুক্তি নিয়ে জোর বাদানুবাদ হয়েছে। যদিও হাশেদের শীর্ষ বেশ কয়েকজন কমান্ডার জানিয়েছেন, সুন্নিপ্রধান শহরটিতে ঢোকার কোনো পরিকল্পনা তাদের নেই।