
হেলানো মিনারের জন্য বিখ্যাত ইরাকের মসুলের প্রাচীন গ্র্যান্ড আল নুরি মসজিদ বোমায় ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপের ছবি ও ভিডিও প্রকাশ করে ইরাকি সেনাবাহিনী দাবি করেছে, জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) গত বুধবার মসজিদটি উড়িয়ে দিয়েছে। অন্যদিকে আইএস এ জন্য যুক্তরাষ্ট্রের বোমা হামলাকে দায়ী করেছে।
প্রতীকী গুরুত্বপূর্ণ এ মসজিদ ধ্বংসের ঘটনাকে মসুলে আইএসের পরাজয়ের আনুষ্ঠানিক ঘোষণা বলে আখ্যা দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল এবাদি।
গ্র্যান্ড আল নুরি মসজিদ থেকেই তিন বছর আগে আইএস নেতা আবু বকর আল বাগদাদি ইরাক ও সিরিয়াজুড়ে ‘খেলাফত’ ঘোষণা করেছিলেন।
১১৭২-৭৩ সালে নির্মিত বিখ্যাত এ প্রাচীন মসজিদ ধ্বংস হওয়ার ঘটনায় নিন্দার ঝড় উঠেছে।
ইরাকি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, সরকার–সমর্থিত সেনাদের এগিয়ে যাওয়া প্রতিহত করতে কোণঠাসা আইএস আল নুরি মসজিদ এবং এর মিনার উড়িয়ে দিয়েছে। বুধবার সকাল সাড়ে নয়টায় এই বিস্ফোরণ ঘটে বলে বিবৃতিতে বলা হয়েছে। বুধবার সকালেই ইরাকি বাহিনী জানিয়েছিল, আইএসের অবশিষ্ট যোদ্ধাদের ঘায়েল করতে তারা মসজিদটির দিকে অগ্রসর হচ্ছে।
মসুল পুনর্দখল অভিযানে নিয়োজিত এক ইরাকি কমান্ডার বলেছিলেন, তাঁদের সেনারা মাত্র ৫০ মিটার দূরে থাকতে আইএস মসজিদটি বোমা ফাটিয়ে গুঁড়িয়ে দেয়। কমান্ডার বলেন, তারা মসজিদটি ধ্বংসের মধ্য দিয়ে আরেকটি ঐতিহাসিক অপরাধ করেছে।
অন্যদিকে, আইএসের বার্তা সংস্থা আমাক আল নুরি মসজিদ ধ্বংসের জন্য যুক্তরাষ্ট্রের বোমা হামলাকে দায়ী করেছে। আইএসের বিরুদ্ধে লড়াইরত মার্কিন নেতৃত্বাধীন জোট তাদের বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করেছে। মার্কিন বিমানবাহিনীর কর্নেল জন ডোরিয়ান বলেন, ‘আমরা সেখানে (মসজিদে) বিমান হামলা করিনি।’
মসজিদটি ধ্বংস হওয়া প্রসঙ্গে মার্কিন বাহিনীর মেজর জেনারেল মার্টিন বলেন, ‘এটি মসুল ও ইরাকের সব জনগণের বিরুদ্ধে অপরাধ। কেন এই জঙ্গিগোষ্ঠীকে সম্পূর্ণরূপে ধ্বংস করা উচিত—এটি তার একটি দৃষ্টান্ত।’
মসুল মুক্ত করার যুদ্ধ এখনো শেষ হয়নি উল্লেখ করে মার্টিন আরও বলেন, মসুল মুক্ত করতে তাঁরা ইরাকি বাহিনীকে সহায়তা দিয়ে যাবেন।
ইরাকি প্রধানমন্ত্রী তাঁর ওয়েবসাইটে বলেছেন, বিখ্যাত আল হাকবা মিনার ও আল নুরি মসজিদের বিস্ফোরণ আইএসের পরাজয়েরই আনুষ্ঠানিক স্বীকৃতি।
উল্লেখ্য, ২০১৪ সালের ৪ জুলাই আল নুরি মসজিদের মিম্বারে দাঁড়িয়েই আবু বকর আল বাগদাদি নিজেকে ‘খলিফা’ বা বিশ্বের সব মুসলিমের শাসক ঘোষণা করেন। ইরাক ও সিরিয়ার দখলকৃত বিশাল ভূখণ্ডে ওই খিলাফত প্রতিষ্ঠার ঘোষণা দেন তিনি। মার্কিন বাহিনীর সহায়তায় ইরাকের সম্মিলিত বাহিনীর অভিযানে গত কয়েক মাসে বেশির ভাগ ভূখণ্ডই হারিয়েছে আইএস।
কয়েক মাসের প্রচণ্ড লড়াইয়ের পর গত জানুয়ারি মাসে পূর্ব মসুল মুক্ত ঘোষণা করে ইরাক সরকার। কিন্তু ইরাকের দ্বিতীয় বৃহত্তম এ শহরের পশ্চিমাঞ্চল দখল করা তাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। গত রোববার ইরাকি বাহিনী মসুল পুনর্দখলে ‘শেষ অধ্যায়’-এর সূচনা করে। এখন সেখানকার পুরোনো শহরের সামান্য অংশে আইএসের যোদ্ধারা মাটি কামড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। অনেক লোক পালিয়ে গেলেও এক লাখের মতো মানুষ সেখানে আটকা পড়ে দুর্ভোগে রয়েছে। পালাতে গিয়ে অনেক নিরীহ নাগরিক আইএসের চোরাগোপ্তা গুলি বা বোমায় নিহত হয়েছে।