মসুলের প্রান্তে ইরাকি বাহিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিটেমাটি, সহায়সম্বল ছেড়ে কেবল নিজের প্রাণ আর গৃহপালিত পশুর পাল নিয়ে মরুর পথে ছুটছেন যুদ্ধকবলিত ইরাকিরা। আইএসের সঙ্গে ইরাকি বাহিনীর প্রচণ্ড লড়াই চলার সময় মসুলের কাছের আবু জারবোয়া গ্রাম থেকে পালিয়েছেন তাঁরা l ছবি: রয়টার্স
ভিটেমাটি, সহায়সম্বল ছেড়ে কেবল নিজের প্রাণ আর গৃহপালিত পশুর পাল নিয়ে মরুর পথে ছুটছেন যুদ্ধকবলিত ইরাকিরা। আইএসের সঙ্গে ইরাকি বাহিনীর প্রচণ্ড লড়াই চলার সময় মসুলের কাছের আবু জারবোয়া গ্রাম থেকে পালিয়েছেন তাঁরা l ছবি: রয়টার্স

ইসলামিক স্টেটের (আইএস) দখলে থাকা মসুল শহরের পূর্বপ্রান্তে পৌঁছে গেছে অগ্রসরমাণ ইরাকি বাহিনী। একের পর এক আশপাশের বেশ কয়েকটি গ্রাম ও শহর দখলের মাধ্যমে জঙ্গিগোষ্ঠীটির প্রতিরক্ষাব্যূহ সোমবার ভেদ করে সরকারি বাহিনী। এর মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার ইরাকে জঙ্গিগোষ্ঠীটির সর্বশেষ প্রধান শহুরে ঘাঁটির সীমানায় প্রথমবারের মতো প্রবেশ করল ইরাকি সেনারা। এ অবস্থায় আইএসকে ‘আত্মসমর্পণ অথবা মৃত্যু’—দুইয়ের মধ্যে একটি বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি।

আইএসের কাছ থেকে মসুল পুনর্দখল করতে মার্কিন নেতৃত্বাধীন জোটের সমর্থন নিয়ে ইরাকি বাহিনী দুই সপ্তাহ আগে বড় অভিযান শুরু করে। এর জন্য তারা দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নেয়। ইরাকি বাহিনী বিভিন্ন দিক দিয়ে আইএসের ঘাঁটির দিকে অগ্রসর হয়।

ইরাকি সেনাবাহিনীর কমান্ডাররা জানিয়েছেন, সেনাবাহিনীর কাউন্টার টেররিজম সার্ভিসের (সিটিএস) সদস্যরা মসুল শহরের পূর্বপ্রান্তের শিল্পাঞ্চল গোগলাজির দিকে অগ্রসর হয়েছেন। সেখানে তাঁরা আইএসের কঠিন প্রতিরোধের মুখে পড়েছেন। সতর্ক করে দিয়ে তিনি বলেন, মসুল পুনর্দখলের এ লড়াইতে কয়েক মাস পর্যন্ত লেগে যেতে পারে।

মসুলের ভেতরে আইএস যোদ্ধা ও বাসিন্দাদের মধ্যেও লড়াই হওয়ার খবর দিয়েছে ইরাকের রাষ্ট্রীয় টিভি।

মসুলের অদূরে এক গ্রামে বিজয়চিহ্ন দেখাচ্ছেন হাশেদ আল–শাবি বাহিনীর শিয়া যোদ্ধারা l এএফপি
মসুলের অদূরে এক গ্রামে বিজয়চিহ্ন দেখাচ্ছেন হাশেদ আল–শাবি বাহিনীর শিয়া যোদ্ধারা l এএফপি

আইএসবিরোধী কুর্দি পেশমার্গা বাহিনীর গোয়েন্দা সূত্র জানিয়েছে, ইরাকি বাহিনীর অভিযানে কারামা-সংলগ্ন আদেন জেলায় সাত আইএস জঙ্গি মারা গেছে এবং তাদের দুটি যানবাহন ধ্বংস হয়েছে।

গত কয়েক দিনের অভিযানে বিভিন্ন গ্রাম ও জনপদ আইএসের দখলমুক্ত হওয়ায় সেখানকার মানুষ এ জঙ্গিগোষ্ঠীর অতি কঠোর শাসন থেকে মুক্ত হয়ে স্বস্তির নিশ্বাস ফেলেছে।

মসুল শহরের পূর্বে সিটিএস বাহিনীর কমান্ডার লে জে আবদুল ঘানি আল-আসাদি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, তাঁদের বাহিনী মসুল শহরের ভেতরে কারামা জেলার প্রান্তে পৌঁছেছে।

এদিকে মসুলের দক্ষিণে কায়রা সামরিক ঘাঁটিতে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি বলেছেন, শহরটির ভেতরে অবস্থানরত কয়েক হাজার আইএস সদস্যের পালানোর সব পথ বন্ধের চেষ্টা করছে ইরাকি বাহিনী। তিনি আরও বলেন, ‘তাদের পালানোর পথ খোলা নেই। তাদের হয় আত্মসমর্পণ অথবা মৃত্যুবরণ করতে হবে।’

আইএস ২০১৪ সালে ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল দখলে নিয়ে স্বঘোষিত ‘খেলাফত’ প্রতিষ্ঠার ঘোষণা দেয়।

বিশ্লেষকেরা বলছেন, মসুল পুনর্দখল করা এর আশপাশের গ্রাম ও শহরগুলো দখলের চেয়ে অনেক কঠিন হবে। কারণ হলো, মসুলের আশপাশের এলাকাগুলো অনেকটাই জনবিরল ছিল। মসুলে এখনো প্রায় ১৫ লাখ লোকের বসবাস। আর আইএসের দখলে থাকা অন্য যেকোনো শহরের চেয়ে মসুল কয়েক গুণ বড়। তাই সেখানে বড় ধরনের মানবিক বিপর্যয়ের আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ।