মসুলের ৬ এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার দাবি সেনাদের
দুই বছরেরও বেশি সময় ধরে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) দখলে থাকা মসুল শহর পুনরুদ্ধারে আরও সামনে বেড়েছে ইরাকের সরকারি বাহিনী। গতকাল শুক্রবার আইএসের প্রতিরক্ষা ভেঙে শহরটির কয়েকটি এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার দাবিও করেছে তারা। এই প্রেক্ষাপটে আতঙ্কিত অনেক বাসিন্দার শহর ত্যাগ এবং তাদের ওপর আইএসের নির্যাতনের খবর পাওয়া গেছে।
ইরাকি বাহিনী গতকাল মসুলের পূর্বাঞ্চলীয় সাদ্দাম এলাকায় ঢুকে এর ৯০ শতাংশ নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করে। গতকাল সাদ্দাম এলাকার সড়কে ও অলিগলিতে জঙ্গিদের সঙ্গে সম্মুখলড়াই চলে যৌথ বাহিনীর।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, সরকারি বাহিনী মসুলের ছয়টি এলাকা দখলে নিয়েছে।
গত ১৭ অক্টোবর মার্কিন সমর্থনে দেশের দ্বিতীয় বৃহত্তম শহরটি পুনরুদ্ধারে অভিযান শুরু করে ইরাকের সরকারি বাহিনী। তাদের সঙ্গে যৌথ এই অভিযানে রয়েছে কুর্দি যোদ্ধারাও। মসুল পুনরুদ্ধার অভিযান শুরুর পর জাতিসংঘ ওই শহরের ১৫ লাখ বাসিন্দার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে। এর মধ্যে খবর ছড়িয়ে পড়ে, আইএস শহরটিতে গণহত্যা চালাচ্ছে এবং মানবঢাল হিসেবে ব্যবহার করতে মসুল ও আশপাশের এলাকা থেকে বেসামরিক লোকদের অপহরণ করছে।