মসুলের ৬৮ হাজার বাসিন্দা ভিটেছাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্তান নিয়ে মসুল ছেড়ে পালাচ্ছেন এক নারী। গতকালের ছবি l এএফপি
সন্তান নিয়ে মসুল ছেড়ে পালাচ্ছেন এক নারী। গতকালের ছবি l এএফপি

ইরাকের সরকারি বাহিনী মসুল এলাকায় গত মাসে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করার পর থেকে এ পর্যন্ত অন্তত ৬৮ হাজার মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে। জাতিসংঘ গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য দিয়েছে।

জাতিসংঘের মানবিক বিষয়াদি সমন্বয় দপ্তর জানায়, ৬৮ হাজার ৫৫০ জন বর্তমানে বাস্তুচ্যুত এবং তাদের মানবিক সহায়তা প্রয়োজন। ত্রাণ বিতরণের কাজ শুরু হলেও তাতে জটিলতা দেখা দিয়েছে। কারণ, বেসামরিক লোকজনের চাহিদা অনেক রকমের। মসুলে প্রচণ্ড লড়াই থেকে রেহাই পেতে লোকজন পালিয়ে যাচ্ছে, তাদের অনেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুলের অভ্যন্তরে এখনো ১০ লাখের বেশি মানুষ অবস্থান করছে। দেশটিতে ইসলামপন্থী যোদ্ধাদের এটিই সর্বশেষ বড় ঘাঁটি হিসেবে রয়ে গেছে। জাতিসংঘের প্রাথমিক অনুমান, প্রায় ২ লাখ বেসামরিক লোকজনকে ওই সরকারি অভিযান শুরুর প্রথম কয়েক সপ্তাহে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। ইরাকে সাম্প্রতিক বছরগুলোতে এটিই সবচেয়ে বড় সামরিক অভিযান।