মহা ভাজিরালংকর্নই রাজা হচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থাইল্যান্ডের সিংহাসনের উত্তরাধিকার। সূত্র: এএফপি
থাইল্যান্ডের সিংহাসনের উত্তরাধিকার। সূত্র: এএফপি

থাইল্যান্ডের যুবরাজ মহা ভাজিরালংকর্ন পরবর্তী রাজা হতে যাচ্ছেন—এটা এক প্রকার নিশ্চিত। জনমনে নানা সংশয়ের পর দেশটির পার্লামেন্ট তাঁকে সিংহাসনে বসার জন্য আমন্ত্রণ জানিয়েছে। এর আগে জনগণ ও ক্ষমতাধর সেনাবাহিনীর মধ্যে যুবরাজের গ্রহণযোগ্যতা নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছিল। ভাজিরালংকর্ন বর্তমানে জার্মানিতে অবস্থান করছেন।
থাইল্যান্ডের জাতীয় আইন পরিষদের প্রধান পর্নপেচ উইচিতচলতাই গতকাল মঙ্গলবার বলেন, ‘আমি যুবরাজ মহা ভাজিরালংকর্নকে সিংহাসনে আরোহণ করার জন্য আমন্ত্রণ জানাব।’ তাঁর এই প্রস্তাবের পর আইন পরিষদের বাকি সদস্যরা দাঁড়িয়ে বলেন, ‘রাজা দীর্ঘজীবী হোন।’
এখন আইন পরিষদ থেকে যুবরাজকে আনুষ্ঠানিকভাবে আহ্বান জানানো হবে। মনে করা হচ্ছে, নতুন রাজার সিংহাসনে বসার প্রক্রিয়া খুব দ্রুতই শেষ হবে।
দেড় মাস আগে ৮৮ বছর বয়সে থাইল্যান্ডের রাজা ভুমিবল আদুলিয়াদেজের মৃত্যু হয়। দেশটির রাজাভক্ত জনগণ এখনো শোক কাটিয়ে উঠতে পারেনি। ভূমিবল ছিলেন বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ধরে সিংহাসনে থাকা রাজা। দেশটির সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছিলেন তিনি। তবে তাঁর ছেলে ভাজিরালংকর্ন ততটা জনপ্রিয় নন। বিভিন্ন সময় তিনি বিতর্কিত হয়েছেন।
থাই যুবরাজ ব্যক্তিজীবনে ফুর্তিবাজ। নিজের পোষা কুকুরকে একবার থাই বিমানবাহিনীর প্রধানের পদমর্যাদা দিয়েছিলেন তিনি। রাজার মৃত্যুর পর যখন সেনাবাহিনী থেকে বলা হয় যুবরাজ এক বছর শোক পালন করবেন, তখন ভাজিরালংকর্নের সিংহাসনে আরোহণ করা নিয়ে সংশয় সৃষ্টি হয়। রাজার মৃত্যুর দুই সপ্তাহ পর যুবরাজ বিদেশ সফরে গেলে সংশয় আরও বাড়ে। অবশেষে গতকালের ঘোষণার মাধ্যমে সব সংশয়ের অবসান হতে পারে।