মহাকাশে ৯ সেমি বেড়ে গেলেন জাপানি নভোচারী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানের নভোচারী নরিশিগে কানাই। ছবি: রয়টার্স
জাপানের নভোচারী নরিশিগে কানাই। ছবি: রয়টার্স

জাপানের নভোচারী নরিশিগে কানাই। প্রথম কোনো জাপানি হিসেবে তিনি ছয় মাসের জন্য আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রে আছেন। তবে সে কারণে তিনি খবরের শিরোনাম হননি। হয়েছেন উচ্চতাসংক্রান্ত গোলমাল পাকিয়ে।

বিবিসির খবরে বলা হয়েছে, কানাই তিন সপ্তাহ ধরে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে আছেন। এই সময়ে তাঁর উচ্চতা ৯ সেন্টিমিটার বেড়ে গেছে বলে তিনি দাবি করেন। টুইট করে তিনি বলেন, ‘আমি একটি বড় ঘোষণা দিতে চাই। মহাকাশে আমাদের উচ্চতা মাপা হয়েছে। বাব্বাহ, আমি ৯ সেন্টিমিটার লম্বা হয়ে গেছি। আমি যেন লতার মতো বেড়ে গেছি। স্কুলের পর এমন হয়নি। এখন ভয় হচ্ছে, ফেরার সময় রাশিয়ার সয়্যুজ নভোযানে আঁটব তো!’

জাপানি নভোচারীর এমন টুইটের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হইচই পড়ে যায়। কারণ, মহাকাশে যাওয়ার পর নভোচারীদের উচ্চতা গড়ে দুই থেকে পাঁচ সেন্টিমিটার পর্যন্ত বেড়ে যাওয়া স্বাভাবিক। মহাকাশে মাধ্যাকর্ষণ শক্তির অভাবে মানুষের মেরুদণ্ডের হাড় প্রসারিত হওয়ায় উচ্চতা বাড়ে। তবে পৃথিবীতে ফেরার পর নভোচারী আবার স্বাভাবিক উচ্চতায় ফিরে আসেন। তবে কানাইয়ের উচ্চতা বেশি বেড়ে গেছে বলে আলাপ হচ্ছিল।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ময় প্রকাশ করে যে আলোচনা হচ্ছিল, তা ঠিকই ছিল। কারণ, ৪১ বছর বয়সী জাপানি নভোচারী পরে আরেকটি টুইট করে বলেছেন, আগে যতটা উচ্চতা বাড়ার কথা তিনি বলেছিলেন, তা ভুল ছিল। রয়টার্স বলছে, এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ভুল মাপের কারণে এই বিভ্রান্তির সৃষ্টি হয়। তিনি আসলে ২ সেন্টিমিটার বেড়েছেন। আর সে কারণে সয়্যুজ নভোযানে করে পৃথিবীতে ফিরে আসতে তাঁর কোনো সমস্যা হবে না বলেও জানিয়েছেন।