মহাপ্রাচীর মেরামত করে মহা সমালোচনায় চীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের প্রাচীরের কিছু অংশ মেরামত করার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমালোচনা শুরু হয়েছে। ছবি: টুইটার থেকে নেওয়া
চীনের প্রাচীরের কিছু অংশ মেরামত করার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমালোচনা শুরু হয়েছে। ছবি: টুইটার থেকে নেওয়া

চীনের মহাপ্রাচীরের কিছু অংশ মেরামত করার পর সমালোচনার মুখে পড়েছে চীনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বালি ও কংক্রিট দিয়ে এই মেরামত কাজ করা হয়েছে বলে এই সমালোচনা শুরু হয়।
ইউনেসকো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ এই প্রাচীর মূলত পাথর দিয়ে তৈরি। মহাপ্রাচীরের ক্ষতিগ্রস্ত প্রায় পাঁচ মাইল অংশ ২০১৪ সালে মেরামত করা হয়। সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে সেই ছবি ছড়িয়ে পড়লে বিষ​য়টি সবার নজরে আসে। শুরু হয় সমালোচনা। কারও কারও মতে, এই মেরামত কাজের পর ওই অংশটি চীনের আসল মহাপ্রাচীর বলে মনেই হচ্ছে না।
চীনের স্থানীয় একজন কর্মকর্তার ভাষ্য, ‘এটা সত্যিই বি​শ্রী একটি কাজ হয়েছে।’ চীনের লিয়াওনিং প্রভিন্সিয়াল অ্যান্টিকুইটিস ব্যুরো প্রধান ডিং হুই বলেন, প্রাচীর মেরামতের কাজ কাজ হয় ২০১৪ সালে। এই কাজের সময় প্রাচীরের বিভিন্ন অংশে গর্ত হয়ে যাওয়া জায়গাগুলো পূরণ করা হয়েছে। এ ছাড়া একটি অতিরিক্ত সুরক্ষিত স্তর যোগ করা হয়েছে। ফলে এটি দেখতে আসল মনে হচ্ছে না।
চীনের সামাজিক যোগাযোগের মাধ্যম ওয়েবুতে সম্প্রতি ওই মেরামত করা অংশের ছবি প্রকাশ পেলে হাজারো মানুষ এর সমালোচনা করেন।
অবশ্য একটি অফিশিয়াল জরিপে বলা হচ্ছিল, প্রাচীরের কিছু অংশ ভেঙে পড়ার ও বৃষ্টিতে ধুয়ে যাওয়ার ঝুঁকিতে ছিল।

স্থানীয় কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত ওই অংশ সারাতে বালি, চুন, সিমেন্টের মতো নানা উপাদান ব্যবহার করা হয়। সমালোচকেরা বলছেন, যেভাবে মেরামত করা হয়েছে তাতে আসল নকশা থেকে সম্পূর্ণ আলাদা দেখাচ্ছে।

১৯৮৭ সালে ইউনেসকো চীনের প্রাচীরকে বিশ্ব ঐতিহ্যের মর্যাদা দেয়। খ্রিষ্টপূর্ব ২২০ সালে প্রাচীরের নির্মাণকাজ শুরু হয়। বিভিন্ন সময় বিভিন্ন সম্রাটেরা এর নির্মাণকাজ এগিয়ে নেন। এই মহাপ্রাচীর নির্মাণের স্বর্ণযুগ হচ্ছে মিং ডাইন্যাস্টির (১৩৬৮-১৬৪৪) আমলে। বর্তমানে মহাপ্রাচীরের যে অংশগুলো দেখতে পাওয়া যায় তা মূলত মিং ডাইন্যাস্টিতে নির্মিত। তখন এটি ছিল বিশ্বের বৃহত্তম সামরিক স্থাপনা। চীন সাম্রাজ্যকে আক্রমণের হাত থেকে রক্ষার জন্য ২০ হাজার কিলোমিটার এই প্রাচীরের নকশা করা হয়।