মহাসাগরে জাহাজ ডুবি, নিখোঁজ ২২
দক্ষিণ কোরিয়ার একটি পণ্যবাহী জাহাজ ২৪ জন যাত্রী নিয়ে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে ডুবে গেছে। জাহাজটি খোঁজ মিলছে না। উরুগুয়ের নৌবাহিনীর একজন মুখপাত্র বলেন, এখন পর্যন্ত ফিলিপাইনের দুই নাবিককে উদ্ধার করা হয়েছে।
আজ রোববার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার দক্ষিণ আটলান্টিক মহাসাগরে স্টেলার ডেইজি নামে দক্ষিণ কোরিয়ার একটি জাহাজ ডুবে যায়। প্রতিবেদনে বলা হয়, জাহাজটি পানিতে ডুবে যাচ্ছে বলে একজন ক্রু শুক্রবার জরুরি বার্তা পাঠান। সে সময় উরুগুয়ের নৌবাহিনী কাছাকাছি অবস্থান করায় জরুরি বার্তা পাওয়া মাত্রই তারা উদ্ধার কাজ শুরু করে।
উরুগুয়ে নৌবাহিনীর এক সদস্য বলেন, জাহাজটি চলার সময় তাঁরা জ্বালানির তীব্র গন্ধ পাচ্ছিলেন। এ ঘটনায় দুজন নাবিককে উদ্ধার করা সম্ভব হয়েছে।
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, উদ্ধার অভিযান এখনো চলছে। জাহাজটির আরও ২২ যাত্রী এখনো নিখোঁজ। উদ্ধার কাজে সহায়তা করতে ব্রাজিল ও উরুগুয়েকে আহ্বান জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, স্টেলার ডেইজি নামের ২ লাখ ৬০ হাজার টন ধারণ ক্ষমতার ওই জাহাজটি মার্শাল দ্বীপে যাচ্ছিল। জাহাজটিতে ফিলিপাইনের ১৬ জন ও দক্ষিণ কোরিয়ার আটজন নাগরিক ছিলেন। জাহাজটি ব্রাজিল থেকে যাত্রা শুরু করেছিল।