মা প্রসবকক্ষে, বাচ্চা রাস্তায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রসববেদনা ওঠায় স্ত্রীকে মোটরসাইকেলে চড়িয়ে হাসপাতালে ছুটলেন স্বামী। প্রসূতিতে প্রসবকক্ষে নেওয়া হলো। চিকিৎসকেরা হাত দিয়ে দেখলেন পেটে সন্তান নেই।

মা বুঝলেন, আসার পথেই সন্তান জন্ম দিয়েছেন তিনি। সবাই ছুটলেন রাস্তায়। রাস্তায় খুঁজে পাওয়া গেল নবজাতককে। সম্প্রতি চীনের গুয়াংডং প্রদেশে এ ঘটনা ঘটেছে বলে বিবিসির খবরে জানানো হয়েছে।
ঝ্যাংজিয়াং ডেইলি-এর ওয়েব সাইটের খবরের বরাত দিয়ে বিবিসি জানায়, ওই নারীর নাম লি। প্রসববেদনা ওঠার পর তাঁর স্বামী তাঁকে মোটরসাইকেলে করে গুয়াংডং নংচ্যাং হসপিটালে নিয়ে আসেন। তখন প্রায় মধ্যরাত। কিন্তু হাসপাতালে আনার পর তাঁর স্বামী ও চিকিৎসকেরা দেখতে পান লির গর্ভে সন্তান থাকার কোনো লক্ষণ নেই। তাঁরা বুঝে ফেলেন এরই মধ্যে লি সন্তানকে রাস্তাতেই জন্ম দিয়ে ফেলেছেন। কিন্তু তিনি টেরও পাননি।
দ্য চায়না ডেইলি জানায়, তবে সৌভাগ্যক্রমে এই দম্পতি তাঁদের সন্তানকে জীবিত পেয়েছেন। ওই পথ দিয়ে যাওয়ার সময় কয়েকজন গাড়ির চালক নবজাতককে রাস্তায় পড়ে থাকতে দেখে তাকে ঘিরে রাখেন। আশ্চর্যজনকভাবে ওই শিশুটি অক্ষত রয়েছে। শুধু গায়ে কয়েকটি আঁচড় লেগেছে।
এ ঘটনা চীনের সামাজিক যোগাযোগের মাধ্যম ওয়েবোতে ছড়িয়ে পড়েছে। অনেকে এ ঘটনাকে হালকাভাবে দেখছেন। আবার অনেকে বলছেন তারা বুঝতেই পারছেন না একজন মা সন্তানকে জন্ম দিচ্ছেন কিন্তু টের পাচ্ছেন না কীভাবে।
গ্র্যাডি ম্যান এর নামে এক ব্যক্তি মজা করে লিখেছেন, ‘“মা আমি কীভাবে এই পৃথিবীতে এলাম? ” “আমি তোমাকে রাস্তার পাশ থেকে তুলে এনেছি। ” ’