মাওবাদীদের ধর্মঘটে নেপালে ৪০ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালে মাওবাদীদের ডাকা ধর্মঘট চলার সময় গতকাল মঙ্গলবার ৪০ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় আন্দোলনকারীদের ওপর কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। বিরোধী দলের সম্মতি ছাড়া নতুন সংবিধান প্রণয়নের লক্ষ্যে সরকারি জোটের পরিকল্পনার বিরুদ্ধে তিন দিনের ওই ধর্মঘট ডাকা হয়। খবর এএফপির।
মাওবাদীদের নেতৃত্বে ৩০-দলীয় জোটের ডাকা ধর্মঘট মোকাবিলায় রাজধানী কাঠমান্ডুজুড়ে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। বিক্ষোভকারীরা পুলিশের একটি গাড়িতে হামলা চালানোর চেষ্টা করলে শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গ্রেপ্তার করা নেতা-কর্মীদের ওই গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ তখন কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।
পুলিশের মুখপাত্র কামল সিং বাম বলেন, কাঠমান্ডুতে ২০ জনসহ সারা দেশে মোট ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সকালে একটি ট্যাক্সিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
ধর্মঘটে দেশজুড়ে কলকারখানা, শিক্ষাপ্রতিষ্ঠান ও গণপরিবহন বন্ধ রাখতে বাধ্য করে বিরোধী দল।
মতৈক্যে পৌঁছাতে ব্যর্থ হয়ে নতুন সংবিধানের কয়েকটি বিতর্কিত ধারার বিষয়ে গণভোট আয়োজনের পরিকল্পনা করছে সরকার। নতুন সংবিধানের খসড়া প্রণয়নের লক্ষ্যে বেশ কয়েক দফা সময়সীমা নির্ধারণ করা হলেও বিভিন্ন দলের আইনপ্রণেতারা সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছাতে ব্যর্থ হন। এএফপি।