মাকে মেরে ফেলল আইএস জঙ্গি
মা বলেছিলেন, জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গ ছাড়তে। তাতে ক্ষুব্ধ হয়ে প্রকাশ্যে মাকে গুলি করে মেরে ফেলল আলী সাকর (২১) নামের ওই জঙ্গি। সিরিয়ার রাকা শহরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। খবর বিবিসির।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এবং রাকা ইজ বিইং স্লটারড সাইলেন্টলি যৌথভাবে ছেলের হাতে মায়ের হত্যার এ ঘটনা প্রকাশ করে।
রাকা এখন কার্যত আইএসের রাজধানী হয়ে উঠেছে। ২০১৩ সালের আগস্ট মাসে আইএস এটি দখল করে নেয়। এই শহরে কোনো ভিন্নমত তারা সহ্য করে না। ভিন্নমতের জন্য এখানে ধার্য পাশবিক নির্যাতন। কখনো কখনো এসব নির্যাতন চালানো হয় প্রকাশ্যে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দুই সংগঠন জানায়, সম্প্রতি আলী সাকরের মা লিনা আল-কাসেম তাঁর ছেলেকে আইএস ছাড়তে বলেছিলেন। মায়ের যুক্তি ছিল, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট আইএসকে সমূলে বিনাশ করবে। তিনি ছেলেকে রাকাও ছাড়তে বলেছিলেন। মায়ের এ কথা আইএসের নেতৃত্বকে জানায় আলী সাকর। আইএস নেতৃত্ব মাকে হত্যার নির্দেশ দেয়। এরপর মায়ের কর্মস্থল স্থানীয় পোস্ট অফিসের বাইরে শত শত মানুষের সামনে গুলি করে হত্যা করে সাকর।
২০১৪ সালে ইরাক ও সিরিয়ার বিশাল অংশ দখল করে ফেলে আইএস। এরপর সমকামিতা, জাদুবিদ্যার চর্চা করাসহ নানা অজুহাতে এযাবৎ অন্তত দুই হাজার মানুষকে হত্যা করেছে জঙ্গি সংগঠনটি।