মাঝ আকাশে ভেঙে পড়ে বিমানটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের সিনাই উপদ্বীপে দুর্ঘটনার শিকার হওয়া যাত্রীবাহী রুশ বিমানটি মাঝ আকাশেই ভেঙে পড়েছিল। রাশিয়ার ইন্টারস্টেট এভিয়েশন কমিটির প্রধান ভিক্তর সরোশেঙ্কো গতকাল রোববার এ কথা বলেছেন। তবে তিনি এ-ও বলেছেন, বিমানটির বিধ্বস্ত হওয়ার কারণ সম্পর্কে এখনই সিদ্ধান্তে পৌঁছানোর সময় আসেনি। খবর এএফপি, রয়টার্স ও বিবিসির।
সিনাইয়ের হাসানা গ্রামের কাছে বিমানটির ধ্বংসাবশেষ পরিদর্শন শেষে ভিক্তর সরোশেঙ্কো বলেন, প্রায় ২০ কিলোমিটার বিস্তীর্ণ এলাকাজুড়ে বিমানের খণ্ডাংশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এ থেকে তাঁরা মনে করছেন, বিমানটি মাঝ আকাশেই ভেঙে পড়েছে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রাশিয়া ও মিসরের তদন্ত কর্মকর্তারা একযোগে কাজ করছেন। ১৭টি শিশুসহ ২২৪ জন আরোহী নিয়ে উড়োজাহাজটি গত শনিবার বিধ্বস্ত হয়।
এএফপি জানায়, দুর্ঘটনা এলাকায় নতুন লাশের খোঁজে মিসরীয় উদ্ধারকর্মীরা গতকাল রোববার বড় ধরনের অভিযান চালান। উদ্ধার অভিযানে অংশগ্রহণকারী একজন সামরিক কর্মকর্তা বলেন, গতকাল সকাল পর্যন্ত ১৬৩টি লাশ উদ্ধার করা হয়েছে। তাঁরা তিন বছর বয়সী একটি মেয়ের লাশ খুঁজে পেয়েছেন দুর্ঘটনাস্থলের আট কিলোমিটার দূরে।
সিনাইয়ে লোহিত সাগরের তীরে অবস্থিত অবকাশকেন্দ্র শারম আল-শেখ থেকে রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গ যাওয়ার পথে কোগালিমাভিয়া এয়ারলাইনসের উড়োজাহাজটি শনিবার সকালে একটি পার্বত্য এলাকায় বিধ্বস্ত হয়। রয়টার্স জানায়, রাশিয়ার একটি উচ্চপর্যায়ের তদন্ত দল গতকাল মিসরের রাজধানী কায়রোয় পৌঁছায়।
বিবিসি জানায়, জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ওই উড়োজাহাজ ধ্বংস করার দায় স্বীকার করে যে বিবৃতি দিয়েছে, তা উড়িয়ে দিয়ে মিসরের প্রধানমন্ত্রী বলেছেন, খুব সম্ভবত কারিগরি ত্রুটির কারণেই বিমানটি দুর্ঘটনায় পড়েছিল।
তবে তিনটি প্রতিষ্ঠান এমিরেটস, এয়ার ফ্রান্স এবং লুফথানসা আপাতত সিনাই উপদ্বীপ এলাকার ওপর দিয়ে উড়োজাহাজ চালনা বন্ধ রেখেছে। শনিবারের দুর্ঘটনার বিষয়ে আরও স্পষ্ট তথ্য পাওয়ার পরই তারা আবার ওই পথে বিমান চালানোর বিষয়টি বিবেচনা করবে। বিমানটির নির্মাতা প্রতিষ্ঠান ফ্রান্সের এয়ারবাসের কয়েকজন বিশেষজ্ঞও দুর্ঘটনার কারণ অনুসন্ধানের কাজে যোগ দিয়েছেন। এদিকে ওই বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় রাশিয়ায় গতকাল এক দিনের শোক পালন করা হয়। রুশ কর্মকর্তারা বলেন, উড়োজাহাজটির ‘ব্ল্যাক বক্স’ উদ্ধার করে বিশ্লেষণের জন্য পাঠানো হয়েছে। এটি থেকে বিমানটির সর্বশেষ অবস্থান-সম্পর্কিত তথ্য এবং বিধ্বস্ত হওয়ার কারণ জানার সম্ভাবনা রয়েছে।
মিসরের বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী হোসাম কামাল বলেন, ওড়ার আগে উড়োজাহাজটিতে কোনো সমস্যা চিহ্নিত করা হয়নি। তারপরও পাইলট কী কারণে জরুরি অবতরণের সিদ্ধান্ত নিয়েছিলেন, তা স্পষ্ট নয়। মিসরের কর্মকর্তারা আগে বলেছেন, বিধ্বস্ত হওয়ার ২৩ মিনিট আগে নিয়ন্ত্রণকেন্দ্রের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল। তখন পাইলট বলেছিলেন, কারিগরি সমস্যা দেখা দেওয়ায় জরুরি অবতরণ করানো প্রয়োজন।