মাঝ দরিয়ায় ৩৮ ঘণ্টা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাজ থেকে মাঝ দরিয়ায় টুপ করে পড়ে ডুবে গেলে কী করবেন? সাঁতার কাটবেন, বাঁচার জন্য নিরন্তর চেষ্টা করবেন—এই তো! কিন্তু কতক্ষণ?

টানা এক ঘণ্টা, দু ঘণ্টা—এর চেয়ে আর কত বেশি সময় সাঁতার কেটে মাঝ সাগরের জলে বেঁচে থাকা সম্ভব? যদি বলা হয় ৩৮ ঘণ্টা! অবিশ্বাস্য মনে হলেও সত্য যে, চীনের সাংহাইয়ের এক নারী মাঝ সমুদ্রে পরে যাওয়ার ৩৮ ঘণ্টা পর তাঁকে জীবন্ত উদ্ধার করা হয়েছে।

ফান নামের ৩১ বছর বয়সী ওই নারী রয়্যাল ক্যারিবীয় নামের একটি বড় জাহাজে ছিলেন। জাহাজটি পাঁচ দিনের সফরে যাত্রীদের নিয়ে সাংহাই থেকে দক্ষিণ কোরিয়া ও জাপান যাচ্ছিল। গত বুধবার জাহাজের চতুর্থ তলা (উচ্চতায় একটি সাত তলা ভবনের সমান) থেকে সমুদ্রে পড়ে যান। এ সময় তিনি সাহায্যের জন্য আর্তচিৎকারও করেছিলেন। কিন্তু এত বড় জাহাজে তা কেউ শুনতে পাননি। এক সময় জাহাজটি দূরে চলে যায়। এ সময় কোনো কুল-কিনারা না পেয়ে তিনি সাঁতার কাটতে শুরু করেন। একপর্যায়ে অচেতন হওয়ায় তিনি সমুদ্রে ডুবে যান। পরে গত শুক্রবার সকালে সমুদ্রের জেলেরা তাঁকে উদ্ধার করে ট্রলারে তুলে আনলে চেতনা ফেরে ফানের।

ওই জাহাজে ফানের মা-বাবাও ছিলেন। তাঁরা বুঝতে পারেননি যে, ফান সাগরে পড়ে গিয়েছিলেন। এ ঘটনা শোনার পর তাঁর বাবা বিশ্বাস করতে পারছেন না যে, এই দীর্ঘ সময় পরেও ফান বেঁচে আছে।

ফান একটি বিশ্ববিদ্যালয়ে ক্রীড়া বিষয়েই পড়ালেখা করেছে। পাঁচ বছর বয়সেই সাঁতার কাটা শেখেন তিনি। এ ছাড়া শারীরিক সক্ষমতাও ভালো ছিল। আর এ কারণেই বেঁচে গেছেন তিনি।