মাটির নিচে আতঙ্কের জীবন

কোথায় ঘুমাবেন? কেনাকাটা করবেন কখন? এসব চিন্তা তো আছেই, বাচ্চা স্কুলে যাবে কি না, এ নিয়েও মহা দুশ্চিন্তা। তা তো হবেই। চারপাশে জীবনের ছন্দকে ম্লান করে দিয়ে বিকট শব্দে একের পর এক বোমা পড়ছে যে! হরদম এই বোমা পড়ছে বলে সিরিয়ার দুমায় এখন মানুষজন সব মাটির নিচে ঘর করে থাকছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, রাজধানী দামেস্কর পূর্বাঞ্চলীয় ঘাউতা এলাকার সবচেয়ে বড় শহর দুমা। বিদ্রোহীদের দখলে থাকা এই শহরে ১ লাখের বেশি মানুষের বাস। সিরিয়ার সেনারা রোজ সেখানে বিদ্রোহীদের উৎখাতে হামলা চালাচ্ছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, বিমান হামলা ও গোলাবর্ষণের ধরন বুঝে দুমার মানুষ সিদ্ধান্ত নেয়, মাটির নিচ থেকে তারা বেরিয়ে আসবে কি না।
দুমার দৈনন্দিন জীবনে কিছু আবশ্যক উপাদান এখন মাটির ওপর থেকে নিচে স্থানান্তরিত হয়েছে। অনেক স্কুল, শিশুদের খেলাধুলার জায়গা, খাবারের দোকান ও ক্লিনিক এখন মাটির নিচে।

দিনের বেলা আকাশটা মুক্ত থাকলে, সেখানে জীবন চলে স্বাভাবিক গতিধারায়। শিশুরা কলহাস্য করতে করতে স্কুলে যায়। সবজি বিক্রেতা খোলা আকাশের নিচে সবজি বিক্রি করেন। অন্য সব কাজ আপন গতিতে চলে।
যেই না বোমা ফেলা শুরু হয়, হুড়মুড়িয়ে ছুটে সবাই ঠাঁই নেয় আশ্রয়স্থলে। রাতভর কাটে আতঙ্কে। দিনের আলো ফোটার পর বোমা বন্ধ হলে তবেই সবাই ফিরে যায় নিজ নিজ জীবনে।
দুমার বাসিন্দা আবু ওমর বোমা আর গোলা থেকে রক্ষা পেতে মাটির নিচে চার মিটার গভীর একটি কামরা তৈরি করেছেন। এর ভেতরে ছোট্ট একটি গালিচা বিছানো। আলোর ব্যবস্থা আছে। আছে ঘরের কিছু জিনিস।
আবু ওমর বলেন, সকালে বিমান হামলার শব্দ পেলেই তাঁর ভাতিজা ও ভাতিজির স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়। তারা নড়বড়ে কাঠের মই বেয়ে মাটির নিচের কামরায় আশ্রয় নিতে ঢুকে পড়ে। বেশ কয়েক ঘণ্টা এখানে লুকিয়ে থাকতে হয়।

আবু ওমর বলেন, ‘মাটির নিচের এই কামরাটি ১৫ দিনে খুঁড়েছি। এ ছাড়া গোলা থেকে লুকানোর আমাদের আর কোনো জায়গা নেই।’
আবু ওমরের দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া ভাতিজা মোহাম্মদ জানায়, ‘আমরা স্কুলে যাই। কিন্তু গত কয়েক দিন থেকে গোলাবর্ষণের কারণে স্কুলে যেতে পারছি না।’
দুমায় গোলাবর্ষণের কারণে কৃষকেরা মাঠ থেকে ফসল তুলছে পারছেন না। এতে নষ্ট হচ্ছে জমির ফসল। সবজি বিক্রেতারা দোকানে নতুন কোনো পণ্য তুলছে পারছেন না। এসবের অভাবে অনেকের চুলায় হাঁড়ি চড়ছে না।
পুরো শহর এখন মরুভূমির মতো। বিমান হামলার পর রাস্তায় শুধু অ্যাম্বুলেন্সের বিষণ্ন সাইরেন, উদ্ধারকর্মী ও চিকিৎসাকর্মী ছাড়া আর কিছুই চোখে পড়ে না।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, দামেস্কর পূর্বাঞ্চলীয় ওই এলাকা বিদ্রোহীদের দখলের কারণে ছয় মাস ধরে বাশারের সেনারা বিমান হামলা চালাচ্ছেন।