মাটির নিচে প্রাচীন শহর

মিসরীয় সভ্যতার প্রাণ নীল নদ। এ নদকে কেন্দ্র করে গড়ে উঠেছিল প্রাচীন মিসরীয় সভ্যতা। সেই নীল নদের অদূরেই পাওয়া গেছে এক প্রাচীন নগরের খোঁজ। প্রত্নতাত্ত্বিকদের ধারণা, নগরটি সাত হাজার বছরের পুরোনো। এতে রয়েছে বসতবাড়ি, সমাধিস্থল, মৃৎশিল্পসহ বিভিন্ন প্রাচীন নিদর্শন।
মিসরের অন্যতম প্রাচীন এলাকা আবিদুসে খোঁড়াখুঁড়ির সময় এ নগরের সন্ধান পান প্রত্নতত্ত্ববিদেরা। বিশেষজ্ঞরা সেখানকার ১৫টি সমাধিস্থল খতিয়ে দেখে বলছেন, সেখানকার বাসিন্দাদের জীবনমান বেশ উন্নত ছিল। সমাধিগুলো বেশ পরিপাটি। সেখানে যাঁদের সমাহিত করা হয়েছে, তাঁরাও সম্ভবত বেশ মর্যাদাবান ছিলেন। এগুলো ইঙ্গিত করে, সে সময় সমাধি নির্মাতা কারিগরদের হাতও বেশ নিপুণ ছিল।
প্রাচীন মিসরবিষয়ক বিশেষজ্ঞদের ধারণা, সাত হাজার বছর আগে যখন মিসরে প্রথম সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়, তখন এর রাজধানী ছিল আবিদুস। নতুন আবিষ্কৃত নগরটি সেই রাজধানীর অন্যতম অভিজাত এলাকা ছিল বলে ধারণা প্রত্নতাত্ত্বিকদের।
এক বিবৃতিতে মিসরের প্রাচীন নিদর্শনবিষয়ক মন্ত্রণালয় বলছে, প্রথম সাম্রাজ্যের সময়কার যে ধরনের রাজকীয় সমাধিস্থল পাওয়া যায়, এবার আবিষ্কৃত সমাধিস্থলগুলো তার চেয়ে বড়। ফলে ধারণা করা হচ্ছে, অভিজাত ও মর্যাদাবান ব্যক্তিদেরই সেখানে সমাহিত করা হয়েছিল।
পর্যটকনির্ভর অর্থনীতির দেশ মিসরে ২০১১ সালে শুরু হওয়া রাজনৈতিক গোলযোগের ধারাবাহিকতায় বিদেশি অতিথির সংখ্যা ব্যাপকভাবে কমেছে। এই প্রাচীন জনপদের আবিষ্কার দেশটির পর্যটন খাতকে চাঙা করতে ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।