মাদক মামলায় জ্যাকি চ্যানের ছেলের কারাদণ্ড
চীনা চলচ্চিত্র তারকা জ্যাকি চ্যানের ছেলেকে মাদকসংক্রান্ত অপরাধের দায়ে আদালত ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন। গতকাল শুক্রবার বেইজিংয়ের ডংচেং জেলা আদালতে জয়েসি চ্যান (৩২) মাদক ব্যবহারের উদ্দেশ্যে অন্যদের আশ্রয় দেওয়ার অপরাধ স্বীকার করে নিলে এ দণ্ড দেওয়া হয়। খবর বিবিসির।
পুলিশ গত আগস্টে জয়েসির বাড়িতে অভিযান চালিয়ে ১০০ গ্রামের বেশি গাঁজা উদ্ধার করে। এ সময় জয়েসি ও তাইওয়ানের চলচ্চিত্র তারকা কাই কোকে (২৩) আটক করা হয়। পুলিশ জানিয়েছে, তাঁরা উভয়ই গাঁজা সেবন করেছিলেন বলে পরীক্ষায় ধরা পড়ে।
কাই কোকে মাদক সেবনের দায়ে ১৪ দিন আটক রাখার পর মুক্তি দেওয়া হয়। কিন্তু জয়েসিকে অবৈধ মাদক ব্যবহারের জন্য অন্যদের বাড়িতে আশ্রয় দেওয়ার অপরাধে আটক রাখা হয়।
গতকাল জয়েসি নিজের অপরাধ স্বীকার করে নিলে আদালত তাঁকে ছয় মাসের কারাদণ্ড এবং দুই হাজার ইয়েন (৩২২ মার্কিন ডলার) জরিমানা করেন।
জ্যাকি চান ইতিমধ্যেই তাঁর ছেলের কাজে লজ্জা ও দুঃখ প্রকাশ করেছেন।
গত বছরের জুনে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং মাদকের ব্যবহার বন্ধে কঠোর ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেন।