মাদকবিরোধী অভিযান : সাত সপ্তাহে নিহত ১৯০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিনেটের শুনানিতে কথা বলছেন ফিলিপাইনের পুলিশ প্রধান রোনাল্ড ডেলা রোজা। ছবি: এএফপি
সিনেটের শুনানিতে কথা বলছেন ফিলিপাইনের পুলিশ প্রধান রোনাল্ড ডেলা রোজা। ছবি: এএফপি

ফিলিপাইনে মাদকবিরোধী অভিযানে গত সাত সপ্তাহে ১ হাজার ৯০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির পুলিশ প্রধান রোনাল্ড ডেলা রোজা। সিনেটের এক শুনানিতে তিনি এ তথ্য জানান।
পুলিশ প্রধান বলেন, এই ১ হাজার ৯০০ ব্যক্তির মধ্যে পুলিশের অভিযানে ৭৫০ জনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত তথ্য রয়েছে। তবে বাকিদের ব্যাপারে এখনো তদন্ত চলছে। তিনি বলেন, প্রায় ৩০০ পুলিশ কর্মকর্তা মাদক ব্যবসায় জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। তাদের সাবধান করে তিনি বলেন, তারা দোষী সাব্যস্ত হলে বরখাস্ত করাসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডেলা রোসা বলেন, প্রায় সাত লাখ মাদক ব্যবহারকারী ও ব্যবসায়ী তাদের সঙ্গে যুক্ত হয়েছে। মাদ​কবিরোধী অভিযানে খুনের সংখ্যা কিছুটা বাড়লেও সামগ্রিক অপরাধপ্রবণতা কমে গেছে। সোমবার ডেলা রোসা তদন্ত দলকে বলেন, ‘আমি স্বীকার করছি যে অনেক লোক মারা যাচ্ছে। কিন্তু আমাদের অভিযান এখনো গতিশীল আছে।’ 

ফিলিপাইনের নতুন প্রেসিডেন্ট হিসেবে রদ্রিগো দুতার্তে দায়িত্ব নেওয়ার পর মাদকবিরোধী অভিযানে নিহত ব্যক্তির সংখ্যা বাড়ছে। এর আগে দাভাও শহরের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন দুতার্তে। ওই সময়​ সন্দেহভাজন অপরাধীদের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রতি সমর্থন দিয়েছিলেন তিনি। দুতার্তে দায়িত্বে থাকার সময়ে ওই শহরে অপরাধের হার কমে গিয়েছিল। যদিও মানবাধিকার গ্রুপগুলোর ধারণা, তখন এক হাজারের বেশি মানুষকে বেআইনিভাবে হত্যা করা হয়।