মাদায়া শহরে অনাহারে আরও ১৬ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার সরকারি বাহিনীর অবরুদ্ধ করে রাখা মাদায়া শহরে না খেয়ে আরও অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) এ খবর নিশ্চিত করেছে। চলতি মাসের শুরুতে মাদায়ায় জাতিসংঘের একটি ত্রাণবহর ঢুকতে পারলেও সেখানে এখন সব ধরনের ত্রাণ সরবরাহ বন্ধ রয়েছে। খবর এএফপি ও রয়টার্সের।
এমএসএফ বলেছে, এই নিয়ে গত ডিসেম্বর থেকে এ পর্যন্ত মাদায়ায় না খেয়ে মারা যাওয়া লোকের রেকর্ডভুক্ত সংখ্যা দাঁড়াল ৪৬ জনে। তবে সংস্থাটি মনে করে, রেকর্ডের বাইরে মৃতের সংখ্যা আরও অনেক বেশি। সংস্থাটির ভাষ্য, দিনের পর দিন অনাহারে-অর্ধাহারে থেকে কঙ্কালসার হয়ে যাওয়া বহু লোক শহরটিতে মৃত্যুর প্রহর গুনছে। হাসপাতালে মরণাপন্ন রোগীরা বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। দ্রুত সেখানে খাবার ও চিকিৎসা-সহায়তা পাঠানো না হলে আরও প্রাণহানি অবশ্যম্ভাবী।
সিরিয়া নিয়ে যখন এভাবে রাজনৈতিক সমাধানের পথ খোঁজার চেষ্টা চলছে, তখনই মাদায়া পরিস্থিতির ভয়াবহ বর্ণনা দিয়েছে এমএসএফ। এমএসএফ এক ই-মেইল বার্তায় এএফপিকে জানিয়েছে, সিরিয়ার বেশ কটির মধ্যে মাদায়া, জাবাদানি, ফুয়া এবং কাফরায়া-এই চারটি শহর অবরুদ্ধ রয়েছে। এর মধ্যে প্রথম দুটি শহর বিদ্রোহীরা দখলে নেওয়ার পর সরকারি বাহিনী তাদের চারদিক থেকে অবরুদ্ধ করে ফেলে। পরের দুটি সরকার দখলে রাখলেও বিদ্রোহীরা তাদের চারদিক থেকে ঘিরে রেখেছে।