মাদায়ার পথে ত্রাণের আরেক বহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ত্রাণবাহী প্রায় ৫০টি ট্রাকের দ্বিতীয় বহর গতকাল বৃহস্পতিবার সিরিয়ার অবরুদ্ধ মাদায়া শহরের উদ্দেশে রাজধানী দামেস্ক ত্যাগ করেছে। ট্রাকগুলোতে ময়দা, চিকিৎসা সরঞ্জাম এবং পেস্ট, সাবান, শ্যাম্পুর মতো নিত্যপ্রয়োজনীয় সামগ্রী রয়েছে। খবর এএফপির।
বিদ্রোহী নিয়ন্ত্রিত মাদায়া শহরটি ঘিরে রেখেছে সিরিয়ার সরকারি বাহিনী। ফলে সেখানকার প্রায় ৪০ হাজার বাসিন্দা খাবারের সংকটে পড়েছে। আটকে পড়া বাসিন্দাদের মধ্য থেকে মরণাপন্ন প্রায় ৪০০ জন নারী ও পুরুষকে যত দ্রুত সম্ভব নিরাপদ স্থানে সরিয়ে আনার তাগিদ দিয়েছে জাতিসংঘ। গত ডিসেম্বর থেকে ওই শহরের ২৪ জনেরও বেশি লোক না খেয়ে মরতে বসেছে বলে খবর পাওয়া গেছে। গত সোমবার ত্রাণের প্রথম বহর শহরটিতে পৌঁছায়।
রেডক্রসের আন্তর্জাতিক কমিটির (আইসিআরসি) এক মুখপাত্র দ্বিতীয় ত্রাণের বহরটি মাদায়ার উদ্দেশে যাওয়ার কথা নিশ্চিত করেন। আইসিআরসির ওই মুখপাত্র এএফপিকে বলেন, ‘আমাদের অগ্রাধিকার হলো আটা এবং চিকিৎসা সরঞ্জাম ...। সেখানকার বাসিন্দাদের অবস্থা পর্যবেক্ষণের জন্য আইসিআরসি সেখানে পুষ্টিবিদ পাঠাতে যাচ্ছে।’
ত্রাণবাহী ১৭টি ট্রাকের পৃথক দুটি বহর বিদ্রোহীদের ঘিরে রাখা দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় দুটি শহর ফুয়া ও কাফরায়ার উদ্দেশে দামেস্ক ত্যাগ করেছে বলে জানিয়েছেন ওই মুখপাত্র। তিনি বলেন, মাদায়ার বহরটিসহ তিনটি বহর একই সঙ্গে গন্তব্যে পৌঁছাবে।