
সিরিয়ার সরকারি বাহিনীর অবরুদ্ধ করে রাখা মাদায়া শহরে না খেয়ে আরও অন্তত ১৬ জন মারা গেছে বলে খবর পাওয়া গেছে। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) এ খবর নিশ্চিত করেছে। চলতি মাসের শুরুতে মাদায়ায় জাতিসংঘের একটি ত্রাণবহর ঢুকতে পারলেও সেখানে এখন সব ধরনের ত্রাণ সরবরাহ বন্ধ রয়েছে। খবর এএফপি ও রয়টার্সের।
এমএসএফ বলেছে, এই নিয়ে গত ডিসেম্বর থেকে এ পর্যন্ত মাদায়ায় না খেয়ে মারা যাওয়া লোকের রেকর্ডভুক্ত সংখ্যা দাঁড়াল ৪৬ জনে। তবে সংস্থাটি মনে করে, রেকর্ডের বাইরে মৃতের সংখ্যা আরও অনেক বেশি। সংস্থাটির ভাষ্য, দিনের পর দিন অনাহারে-অর্ধাহারে থেকে কঙ্কালসার হয়ে যাওয়া বহু লোক শহরটিতে মৃত্যুর প্রহর গুনছে। হাসপাতালে মরণাপন্ন রোগীরা বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। দ্রুত সেখানে খাবার ও চিকিৎসা-সহায়তা পাঠানো না হলে আরও প্রাণহানি অবশ্যম্ভাবী।
এদিকে সিরিয়া নিয়ে সুইজারল্যান্ডের জেনেভা শহরে গত শুক্রবার থেকে জাতিসংঘ ও সিরিয়ার ক্ষমতাসীন প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রতিনিধিদের শান্তি আলোচনা শুরু হয়েছে। ওই বৈঠকে যোগ দিতে গতকাল শনিবার বাশারবিরোধীদের হায়ার নেগোসিয়েশন কমিটিসহ (এইচএনসি) ১৭টি সংগঠনের প্রতিনিধিরাও জেনেভা পৌঁছেছেন। এইচএনসির নেতৃত্বে বাশারবিরোধীরা জাতিসংঘের প্রতিনিধির সঙ্গে বৈঠক করবে। তবে প্রেসিডেন্ট বাশারের প্রতিনিধির সঙ্গে তারা বসবে কি না তা নিয়ে গতকাল রাতেই আলোচনা করার কথা। এর আগে বিরোধীরা বলেছিল, রাশিয়া ও বাশারের বাহিনী বোমা হামলা বন্ধ না করা পর্যন্ত তারা বাশারের প্রতিনিধির সঙ্গে আলোচনায় বসবে না। বিদ্রোহীদের সূত্রগুলো বলছে, তাদের নেতৃত্বদানকারী এইচএনসির প্রধান রিয়াদ হিজাব এবং তাঁদের পক্ষের মুখ্য আলোচক আসাদ আল জুবি জেনেভা বৈঠকে রাশিয়ার বিমান হামলা বন্ধের জোর দাবি জানাবেন। অবরুদ্ধ শহরগুলোতে জরুরিভিত্তিতে খাবার ও ওষুধ সরবরাহের দাবিও করবেন তাঁরা।
সিরিয়া নিয়ে যখন এভাবে রাজনৈতিক সমাধানের পথ খোঁজার চেষ্টা চলছে, তখনই মাদায়া পরিস্থিতির ভয়াবহ বর্ণনা দিয়েছে এমএসএফ। এমএসএফ এক ই-মেইল বার্তায় এএফপিকে জানিয়েছে, সিরিয়ার বেশ কটির মধ্যে মাদায়া, জাবাদানি, ফুয়া এবং কাফরায়া—এই চারটি শহর অবরুদ্ধ রয়েছে। এর মধ্যে প্রথম দুটি শহর বিদ্রোহীরা দখলে নেওয়ার পর সরকারি বাহিনী তাদের চারদিক থেকে অবরুদ্ধ করে ফেলে। পরের দুটি সরকার দখলে রাখলেও বিদ্রোহীরা তাদের চারদিক থেকে ঘিরে রেখেছে।
এমএসএফ বলেছে, মাদায়ার চারপাশে সরকারি বাহিনী স্থলমাইন পেতে রেখেছে। এতে শহর থেকে কেউ বের হতে পারছে না। খাদ্য ও ওষুধ শেষ হয়ে গেছে। ক্ষুধার তাড়নায় অনেকেই কুকুর-বিড়াল মেরে খাচ্ছে। ১৪ জানুয়ারি জাতিসংঘের একটি ত্রাণবহর শহরটিতে ঢুকতে দেওয়া হয়েছিল। তারা যে খাবার সেখানে দিয়েছিল, তা চাহিদার তুলনায় একেবারেই অপ্রতুল।
এমএসএফ বলেছে, অবরুদ্ধ বাকি তিন শহরের অবস্থাও নাজুক। দ্রুত এর সমাধান দরকার।
এদিকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরাঁ ফাবিয়াস গতকাল বলেছেন, জেনেভা আলোচনায় সিরিয়ার মানবাধিকার পরিস্থিতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।