মানব পাচারকারীদের ভয়ে আশ্রয় চান থাই কর্মকর্তা

থাইল্যান্ডে মানব পাচারের বিরুদ্ধে অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন পুলিশ কর্মকর্তা মেজর জেনারেল পাওয়িন পংসিরিন। এখন তিনি দেশ ছেড়ে পালিয়ে অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। খবর এএফপির।
মেজর জেনারেল পাওয়িন গতকাল বৃহস্পতিবার এএফপিকে বলেন, থাইল্যান্ডে থাকাটা এখন তাঁর জন্য খুবই বিপজ্জনক। তাই তিনি অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। কারণ, সেখানে তাঁকে সাহায্য করার মতো বন্ধুবান্ধব ও অন্যরা রয়েছেন।
তবে পাওয়িন কোথায় আছেন, তা বলতে রাজি হননি। তাঁর ভয়, ওই ভয়ানক মানব চোরাচালানে জড়িত থাকার অভিযোগ আনা হতে পারে তাঁর বিরুদ্ধে। ইতিমধ্যে থাইল্যান্ডের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ উঠেছে। তাঁদের কেউ মানব পাচারের বিষয়টি জেনেও বাধা দেননি, আবার কেউ সরাসরি তাতে জড়িত ছিলেন বলে অভিযোগ মানবাধিকারকর্মীদের।
দীর্ঘদিন ধরেই থাইল্যান্ড মানব পাচারের একটি বড় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছে। কয়েক মাস আগে জেনারেল পংসিরিন ওই চোরাচালান চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। এ সময় থাই-মালয়েশিয়া সীমান্তে বেশ কয়েকটি গণকবর পাওয়া যায়। সেখানকার অনেক লাশ মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম সম্প্রদায় এবং বাংলাদেশের দরিদ্র লোকজনের। তারা ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে অভিবাসনের চেষ্টা করতে গিয়ে ওই চোরাচালানিদের কবলে পড়ে। তারা বন্দীদের ওপর অমানুষিক নির্যাতন চালায় এবং তাদের আত্মীয়স্বজনের কাছ থেকে মুক্তিপণ আদায় করে।
অভিযোগে বলা হয়, থাই কর্মকর্তারা দেশের দক্ষিণাঞ্চলে মালয়েশিয়া সীমান্তের কাছাকাছি এলাকায় মানব পাচারের কাজে সহযোগিতা করতেন। আর এ কাজ করে তাঁরা বছরের পর বছর ধরে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেন। দক্ষিণাঞ্চলের ক্ষমতাধর সেনা কর্মকর্তা মানাস কংপানসহ স্থানীয় কয়েকজন কর্মকর্তা এ-সংক্রান্ত একটি মামলায় গত মাসে আদালতে হাজিরা দিয়েছেন।
মেজর জেনারেল পাওয়িনের তদন্ত শেষ হওয়ার পরই ওই কর্মকর্তাদের গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে বলা হয়, প্রভাবশালী কয়েকজন কর্মকর্তার ব্যাংক হিসাবে নিয়মিত ৩ লাখ ৮০ হাজার মার্কিন ডলার লেনদেনের প্রমাণ মিলেছে। জেনারেল মানাস ছিলেন ওই চক্রের মূল হোতাদের একজন। এ ধরনের চোরাচালানে তাঁর মতো একজন শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তার জড়িত থাকার বিষয়টি প্রকাশিত হওয়ায় থাই জান্তা বিব্রতকর অবস্থায় পড়েছে। তারা দেশকে দুর্নীতিমুক্ত করার উদ্দেশ্য জানিয়ে গত বছর ক্ষমতা দখল করে।
জান্তা সরকার প্রমাণ করতে চায়, তারা কোনো অবৈধ বাণিজ্য চলতে দেবে না। কিন্তু মেজর জেনারেল পাওয়িন এএফপিকে বলছেন, তদন্ত শেষ হওয়ার আগেই তাঁকে গত অক্টোবরের শুরুর দিকে কাজ বন্ধ করার নির্দেশ দেয় সরকার।