প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে সন্দেহভাজন ইহুদি দুর্বৃত্তদের দেওয়া আগুনে নিহত ফিলিস্তিনি শিশু আলীর মা রিহাম দাওয়াবশও গত রোববার মারা গেছেন। গত জুলাই মাসের ওই অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থলেই শিশু আলী ও এক সপ্তাহ পর তার বাবা সাদ দাওয়াবশ মারা যান। আগুনে রিহাম দাওয়াবশের (২৬) শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। তিনি ইসরায়েলের একটি হাসপাতালে প্রায় এক মাস চিকিৎসাধীন থাকার পর রোববার রাতে মারা গেলেন। ফিলিস্তিন কর্তৃপক্ষ আশা করছে, রিহামের মরদেহ ইসরায়েলের হাসপাতাল থেকে স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হবে। গত ৩১ জুলাই রাতে নাবলুসের কাছের দুমা গ্রামে শিশু আলীদের বাড়িতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পালানোর সময় বাড়ির দেয়ালে অগ্নিসংযোগকারীরা হিব্রু ভাষায় লিখে যায় ‘প্রতিশোধ’।
বিবিসি