মার্কিন-আফগান চুক্তি নিয়ে মোল্লা ওমরের হুঁশিয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোল্লা ওমর
মোল্লা ওমর

যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের মধ্যে নিরাপত্তাসংক্রান্ত দ্বিপক্ষীয় চুক্তির বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তালেবান নেতা মোল্লা ওমর। তিনি বলেছেন, চলতি বছরের পরও মার্কিন সেনাদের আফগানিস্তানে রেখে দেওয়া-সংক্রান্ত ওই চুক্তির অর্থ হবে আরও লড়াই। খবর এপির। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেওয়া এক বার্তায় মোল্লা ওমর এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। এই বার্তাটি ইংরেজি, আরবি, পশতুসহ বিভিন্ন ভাষায় অনুবাদ করে প্রকাশ করা হয়েছে।

২০০১ সালে আফগানিস্তানে প্রবেশ করা মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী এখন দেশটি থেকে পাততাড়ি গুটিয়ে নেওয়ার প্রহর গুনছে। তবে আফগান নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দিতে ও সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করতে চলতি বছরের পরও কিছু সেনাকে রেখে যেতে চায় তারা। কারণ, জঙ্গিবাদকবলিত দেশটির নিরাপত্তার পূর্ণ দায়িত্ব হাতে নেওয়ার ক্ষেত্রে আফগান বাহিনীর সক্ষমতা এখনো যথেষ্ট নয়।

পাশ্চাত্যের আশঙ্কা, ন্যাটো বাহিনী চলে গেলে যে নিরাপত্তাশূন্যতা তৈরি হবে, তার সুযোগ নিয়ে দেশটিতে আল-কায়েদার জঙ্গিদের পুনরুত্থান ঘটতে পারে। ২০১১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর আল-কায়েদাকে দমনের নামেই আফগানিস্তানে অভিযান শুরু করেছিল ন্যাটো। অভিযানে কাবুলের ক্ষমতা থেকে অপসারিত হয় মোল্লা ওমরের তালেবান।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ঘোষণা দিয়েছেন, তিনি আরও দুই বছরের জন্য আফগানিস্তানে প্রায় ১০ হাজার মার্কিন সেনাসদস্য রাখতে চান। এ-সংক্রান্ত একটি নিরাপত্তা চুক্তি আফগান সরকার কার্যত মেনে নিয়েছে। তবে তা এখনো স্বাক্ষরিত হয়নি। বিদায়ী প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের উত্তরসূরি হওয়ার দৌড়ে যে দুজন প্রার্থী এখনো মাঠে রয়েছেন, তাঁরা উভয়ই ওই চুক্তি সই করার প্রতিশ্রুতি দিয়েছেন।

তালেবান নেতা দুই প্রেসিডেন্ট পদপ্রার্থীকে ওই নিরাপত্তা চুক্তিতে সই না করার আহ্বান জানিয়েছেন। এক বার্তায় তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, সব বিদেশি সেনা বিদায় নিলে এবং একটি পবিত্র ইসলামি ও স্বাধীন সরকার গঠিত হলে আফগানিস্তানে লড়াইয়ের ইতি ঘটবে।’

মোল্লা ওমরের এই হুমকির পর আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে আলোচনার সম্ভবানা আরও ফিকে হয়ে গেল বলে মনে করা হচ্ছে। অবশ্য বার্তায় তিনি শান্তি আলোচনার ব্যাপারে কোনো কথা বলেননি।