মার্কিন আরেক নাগরিককে আটক করেছে উ. কোরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়ায় যুক্তরাষ্ট্রের এক নাগরিককে আটক করা হয়েছে। উত্তর কোরিয়া ছেড়ে যাওয়ার চেষ্টা করার সময় ওই নাগরিককে আটক করা হয়। দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমে এ কথা বলা হয়েছে।

মার্কিন ওই নাগরিককে আটক করার খবর এমন এক দিনে জানা গেল, যেদিন উত্তর কোরিয়া কোরীয় উপদ্বীপ অভিমুখী মার্কিন যুদ্ধবিমানবাহী রণতরি এক আঘাতেই ধ্বংস করার হুমকি দিয়েছে বলে খবর বেরিয়েছে। সম্প্রতি উত্তর কোরিয়ার পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং এর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও এর মিত্র দেশগুলোর ব্যাপক প্রতিক্রিয়ায় কারণে দুই দেশের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এর জের ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জঙ্গি বিমানবাহী মার্কিন রণতরি ইউএসএস কার্ল ভিনসনকে কোরীয় উপদ্বীপে পাঠানোর নির্দেশ দেন। পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন ওই রণতরির সঙ্গে জাপানের দুটি নৌজাহাজ বিশেষ মহড়ায় অংশ নেওয়ার কথা রয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, মার্কিন ওই নাগরিকের শুধু ডাক নাম জানা গেছে। সেই নামটি হলো কিম। তিনি দেশটিতে আটক হওয়া তৃতীয় মার্কিন নাগরিক। এর আগে গুপ্তচরবৃত্তির দায়ে ও একটি হোটেল থেকে সংকেত চুরির চেষ্টার দায়ে দুজন মার্কিন নাগরিককে সাজা দেওয়া হয়।

দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহ্যাপ জানিয়েছে, আটক হওয়া ওই মার্কিন নাগরিক চীনের একটি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক। তিনি একটি ত্রাণ কর্মসূচি সঙ্গে যুক্ত থেকে এক মাস ধরে উত্তর কোরিয়ায় অবস্থান করছিলেন। পিয়ংইয়ং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে আটক করা হয়।

গত বছরের জানুয়ারিতে ওটো ওয়ার্মিবিয়ের (২১) নামে এক মার্কিন ছাত্রকে গ্রেপ্তার করা হয়। উত্তর কোরিয়ায় থাকাকালে একটি হোটেল থেকে প্রচারণা সংকেত চুরির দায়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। ওই বছরের মার্চে তাঁকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

একই বছরের এপ্রিলে দক্ষিণ কোরিয়ায় জন্ম নেওয়া মার্কিন নাগরিক কিম ডং-চুলকে (৬২) গুপ্তচরবৃত্তির দায়ে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল তার আগের বছর ২০১৫ সালের অক্টোবরে।