মার্কিন জিম্মির 'শিরশ্ছেদ করেছে আইএস'

ইসলামি জঙ্গিগোষ্ঠী আইএস দাবি করেছে, তাদের হাতে জিম্মি থাকা আবদুল রহমান কাসিগ (২৬) নামের মার্কিন সহায়তাকর্মীর শিরশ্ছেদ করা হয়েছে। ইন্টারনেটে প্রকাশিত এক ভিডিওচিত্রে এমনটাই দাবি করেছে তারা। তবে ভিডিওচিত্রটির সত্যতা সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আজ রোববার বিবিসির অনলাইনের খবরে জানানো হয়, ভিডিওচিত্রে মুখোশ পরা এক জঙ্গিকে শিরশ্ছেদ করা একটি মাথার সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। ছিন্ন করা মাথাটি কাসিগের বলে দাবি করা হয়।
গত বছর সিরিয়ায় কর্মরত অবস্থায় কাসিগ ওরফে পিটারকে জিম্মি করা হয়। কাসিগ মার্কিন সেনাবাহিনীতে কাজ করেছেন ও ইরাক যুদ্ধে অংশ নিয়েছেন। এরপর তিনি লেবাবন ও সিরিয়া সীমান্তে বেসামরিক লোকজনদের চিকিৎসা-সহায়তা দেওয়ার কাজ করে আসছিলেন।
গত অক্টোবর মাসে ব্রিটিশ সহায়তাকর্মী অ্যালান হেনিংকে শিরশ্ছেদ করার যে ভিডিওচিত্রটি আইএস প্রকাশ করে, এর শেষ অংশে কাসিগকে হত্যার হুমকি দেওয়া হয়।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের (এনএসসি) মুখপাত্র বার্নাডেট মিহান বলেন, ভিডিওচিত্রটির সত্যতা দ্রুত নিশ্চিত করতে গোয়েন্দারা কাজ করছেন।