মার্কিন দূতকে চীনের তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের দুটি রণতরি বিক্রির ঘোষণা দেওয়ার প্রতিবাদে গত বুধবার চীনে নিযুক্ত মার্কিন জ্যেষ্ঠ দূতকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তাইওয়ানের সঙ্গে প্রায় দুই শ কোটি ডলার মূল্যের অস্ত্র চুক্তির অংশ হিসেবে দুটি রণতরি বিক্রির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। খবর এএফপির।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সমর উপকরণ বিক্রির বিষয়ে চীনের উপপররাষ্ট্রমন্ত্রী ঝেং জেগুয়াঙ্গ যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স কাই লিকে আনুষ্ঠানিকভাবে ডেকে প্রতিবাদ করেছেন। বিবৃতিতে বলা হয়, উপপররাষ্ট্রমন্ত্রী ঝেং মার্কিন দূতকে বলেছেন, তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ। তাদের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এই চুক্তি চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য হুমকি। অস্ত্র চুক্তির সঙ্গে সম্পৃক্ত মার্কিন প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে চীন।
চুক্তি অনুযায়ী তাইওয়ানকে মার্কিন নৌবাহিনীর দুটি অব্যবহৃত ফ্রিগেট, ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, উভচর সামরিক যান, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য সমরাস্ত্র ও সরঞ্জাম দেবে যুক্তরাষ্ট্র।
দক্ষিণ চীন সাগরে এশিয়ার পরাশক্তি চীনের কৃত্রিম দ্বীপ নির্মাণ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েনের মধ্যে এই অস্ত্র চুক্তির ঘোষণা এল।
চীন তাইওয়ান দ্বীপকে তার বিদ্রোহী প্রদেশ মনে করে। তাইওয়ানকে আবারও মূল ভূখণ্ডের সঙ্গে একত্র করে নেওয়ার আশা করে চীন। সাম্প্রতিক সময়ে প্রতিবেশী দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। ১৯৪৯ সালের গৃহযুদ্ধের মাধ্যমে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর গত মাসে প্রথমবারের মতো দুই দেশের নেতারা মিলিত হয়েছিলেন।