মার্কিন বিমানঘাঁটিতে তালেবান হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানের বাগরামে মার্কিন ঘাঁটিতে তালেবান হামলার পর আশপাশের সড়কে টহল দিচ্ছে দেশটির সেনাসদস্যরা। ছবি: এএফপি
আফগানিস্তানের বাগরামে মার্কিন ঘাঁটিতে তালেবান হামলার পর আশপাশের সড়কে টহল দিচ্ছে দেশটির সেনাসদস্যরা। ছবি: এএফপি

আফগানিস্তানের বাগরামে মার্কিন বিমানঘাঁটিতে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ১৪ জন। তালেবানদের পক্ষ থেকে এ হামলার দায় স্বীকার করে বলা হয়েছে, তাদের আত্মঘাতী হামলাকারীদের একটি দল এই হামলা চালিয়েছে। খবর বিবিসির।


বাগরাম বিমানঘাঁটিটি মার্কিন সামরিক সুবিধাবেষ্টিত ও সুরক্ষিত বৃহত্তম ঘাঁটি। এমন একটি সুরক্ষিত জায়গায় হামলাকে আফগানিস্তানের নিরাপত্তায় অন্যতম আশঙ্কা হিসেবে দেখা হচ্ছে। তালেবানদের হামলার দাবি সত্য হলে, এটি হবে নিরাপত্তাবেষ্টিত অঞ্চলে এই ধরনের প্রথম হামলা। এর আগেও বাগরামের ওপর আক্রমণ হয়েছে। কিন্তু তালেবান বিদ্রোহীরা বাইরের দেয়াল ভেদ করে ভেতরে হামলা চালাতে পারেনি।
বাগরাম রাজধানী কাবুলের ঠিক উত্তরে অবস্থিত। ১৪ বছর ধরে ওই এলাকাটি মার্কিন নেতৃত্বাধীন বাহিনী ও ন্যাটোর প্রধান সামরিক ও বিমানঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে।
স্থানীয় সরকারের এক মুখপাত্র আবদুল ওয়াহিদ সিদ্দিকী এএফপিকে বলেন, আক্রমণকারী খুব ভোরে শ্রমিকদের সঙ্গে হেঁটে ঘাঁটিতে প্রবেশ করে। তিনি বলেন, ‘আমরা এখনো নিহত ব্যক্তিদের পরিচয় জানি না। কিন্তু আক্রমণকারী এখানকার শ্রমিক এবং আফগানিস্তানের নাগরিক।’ প্রবীণ দিবস উদ্‌যাপন করতে লোকজন সেখানে জড়ো হলে এই হামলা চালানো হয়।

বাগরামে মার্কিন ঘাঁটিতে তালেবান হামলার পর ওই এলাকায় আফগান এক সেনাসদস্যের সশস্ত্র অবস্থান। ছবি: রয়টার্স
বাগরামে মার্কিন ঘাঁটিতে তালেবান হামলার পর ওই এলাকায় আফগান এক সেনাসদস্যের সশস্ত্র অবস্থান। ছবি: রয়টার্স

বাগরাম কয়েক স্তরের পাহারাবেষ্টিত অত্যন্ত নিরাপদ ও সুরক্ষিত একটি সামরিক ঘাঁটি। এর বাইরের স্তরের নিরাপত্তার দায়িত্বে রয়েছে আফগান বাহিনী ও দ্বিতীয় এবং এর ভেতরের স্তরের নিরাপত্তার দায়িত্বে আছে মার্কিন বাহিনী। এ ছাড়া উচ্চ দেয়াল, নিরাপত্তা ক্যামেরা এবং বাইরে ওয়াচ টাওয়ারের মাধ্যমে নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করা হয়।

তিন মন্ত্রী বরখাস্ত :
এদিকে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীসহ তিনজন মন্ত্রীকে শনিবার বরখাস্ত করা হয়েছে। যথাযথভাবে কাজ করতে না পারায় তাদের সরিয়ে দেওয়া হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়। বরখাস্ত হওয়া তিন মন্ত্রী হলেন পররাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন রব্বানি, গণপূর্তমন্ত্রী মাহমুদ বালিগ ও সমাজসেবা মন্ত্রী নাসরিন ওরাইখেল। পার্লামেন্টে আস্থা ভোটে হেরে যাওয়ায় স্পিকার তাঁদের বরখাস্ত করার ঘোষণা দেন। তাঁরা তিনজনই তাঁদের মন্ত্রণালয়ের জন্য বরাদ্দকৃত তহবিল যথাসময়ে ব্যবহার করতে ব্যর্থ হয়েছেন। তাঁদের মতো আরও ১৪ জন মন্ত্রী একইভাবে এই আস্থা ভোটের মুখোমুখি হওয়ার অপেক্ষায় রয়েছেন।