মার্কিন যুদ্ধজাহাজের খুব কাছে রকেট ছুড়ল ইরান

ইরানের নৌবাহিনী গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে টহলরত মার্কিন যুদ্ধজাহাজের খুব কাছে রকেট পরীক্ষা চালিয়েছে বলে মার্কিন সেনাবাহিনী অভিযোগ করেছে। তারা এই পরীক্ষাকে ‘অপেশাদারি’ ও ‘চরম উসকানিমূলক’ কাজ বলে অভিহিত করেছে। যুক্তরাষ্ট্র বলছে, শনিবার ইরান এই অস্ত্র পরীক্ষা করার সময় সেখানে মার্কিন যুদ্ধজাহাজ ছাড়াও বিভিন্ন দেশের কয়েকটি বাণিজ্যিক জাহাজ ছিল। খবর বিবিসি ও রয়টার্সের।
চলতি বছর পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের ঐতিহাসিক চুক্তি হওয়ার পর দুই দেশের কূটনৈতিক সম্পর্কে দৃশ্যত যে নমনীয় ও শান্তিপূর্ণ আবহ তৈরি হয়েছে এ ঘটনায় তা হুমকিতে পড়তে পারে। দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের এই অভিযোগের বিষয়ে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়নি।
মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র কমান্ডার কাইল রাইনেস বলেন, ইরানের উৎক্ষেপণ করা রকেট দুটি মার্কিন নৌযান ও একটি ফরাসি ফ্রিগেটের অবস্থানস্থলের মাত্র ১ হাজার ৩৭০ মিটার দূরে এসে পড়ে। পরীক্ষাটি ছিল খুবই উসকানিমূলক।
হরমুজ প্রণালি ইরান ও ওমানের মাঝখানে অবস্থিত আরব সাগরের একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সরু জলপথ। সাগরপথে পরিবহন করা বিশ্বের মোট জ্বালানি তেলের এক-তৃতীয়াংশই এই পথে পরিবহন করা হয়।
মুখপাত্র কমান্ডার কাইল রাইনেস বলেন, ‘আন্তর্জাতিক বৈধ সাগরসীমায় চলাচলকারী জাহাজের এত কাছে রকেট ছোড়া নিঃসন্দেহে অনিরাপদ ও অপেশাদারি কাজ এবং আন্তর্জাতিক নৌ-আইনের সুস্পষ্ট লঙ্ঘন।’
রকেট পরীক্ষার মাত্র ২৩ মিনিট আগে হরমুজ প্রণালিতে অবস্থানরত ইরানী নৌবাহিনীর জাহাজ থেকে এ বিষয়ে ঘোষণা দেওয়া হয়।
হরমুজ প্রণালি অবস্থানগত কারণে খুবই গুরুত্বপূর্ণ। সেখানে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনার দীর্ঘ ইতিহাস রয়েছে। ১৯৮৮ সালের এপ্রিলে মার্কিন বাহিনীর বিমান হামলায় সেখানে ইরানের অন্তত ছয়টি নৌযান ডুবে যায় বা ক্ষতিগ্রস্ত হয়। এর পরপরই ইরানের পেতে রাখা মাইন বিস্ফোরণে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ওই বছরই জুলাই মাসে একটি মার্কিন ফ্রিগেটের ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি ইরানি বিমান ভূপাতিত হয়ে ২৯০ জন যাত্রী প্রাণ হারান।
রাশিয়ায় ইরানের ইউরেনিয়াম: এদিকে গার্ডিয়ান-এর খবরে বলা হয়, সোমবার ইরানের ১১ টনেরও বেশি কম সমৃদ্ধ ইউরেনিয়াম জাহাজে করে রাশিয়ার উদ্দেশে পাঠানো হয়। বিশ্বশক্তির সঙ্গে চুক্তির আওতায় এ বছরের মধ্যেই ইরানের কম মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত ৩০০ কেজির মধ্যে নামিয়ে আনার বাধ্যবাধকতা ছিল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এতে সন্তোষ প্রকাশ করে বলেন, ইরান এর মাধ্যমে চুক্তির শর্ত পূরণ করার পথে একটি ‘উল্লেখযোগ্য পদক্ষেপ’ নিল। বলা হচ্ছে, ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে চাইলে এখন তার তিন গুণ বেশি সময় লাগবে। দীর্ঘ আলোচনার পর গত জুলাই মাসে ইরান ছয় পরাশক্তির সঙ্গে একটি চুক্তিতে সই করে। চুক্তি অনুযায়ী, ইরান তার ওপর আরোপিত অবরোধ কমানোর শর্তে বিতর্কিত পরমাণু কার্যক্রম সীমিত করতে রাজি হয়।