মার্কিন সাংবাদিকের শিরশ্ছেদের ভিডিও প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আমেরিকার কাছে একটি বার্তা’ শিরোনামে প্রায় পাঁচ মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, উন্মুক্ত মরুভূমিতে মার্কিন সাংবাদিক জেমস ফলির মতো এক ব্যক্তির শিরশ্ছেদ করছে মুখোশপরা এক জঙ্গি। ছবি: রয়টার্স
‘আমেরিকার কাছে একটি বার্তা’ শিরোনামে প্রায় পাঁচ মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, উন্মুক্ত মরুভূমিতে মার্কিন সাংবাদিক জেমস ফলির মতো এক ব্যক্তির শিরশ্ছেদ করছে মুখোশপরা এক জঙ্গি। ছবি: রয়টার্স

ইরাকের ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে জেমস ফলি নামের এক মার্কিন সাংবাদিকের শিরশ্ছেদ করার দৃশ্য রয়েছে। এ ছাড়া অপর এক মার্কিন সাংবাদিককে হত্যার হুমকি দিয়েছে আইএস।
আজ বুধবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, গতকাল মঙ্গলবার ইন্টারনেটে প্রকাশিত ওই ভিডিওটির সত্য-মিথ্যা এখনো যাচাই করা যায়নি। 
মার্কিন কর্মকর্তারা বলছেন, তাঁরা ভিডিওটি দেখেছেন। বিষয়টি প্রেসিডেন্ট বারাক ওবামাকে জানানো হয়েছে। মার্কিন গোয়েন্দারা ভিডিওটির সত্যতা যাচাই করছেন।
‘আমেরিকার কাছে একটি বার্তা’ (এ মেসেজ টু আমেরিকা) শিরোনামে প্রায় পাঁচ মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, উন্মুক্ত মরুভূমিতে ফলির মতো এক ব্যক্তির শিরশ্ছেদ করছে মুখোশপরা এক জঙ্গি।
শিরশ্ছেদের কথিত ঘটনাটি ইরাক না সিরিয়ায় ঘটেছে—তা পরিষ্কার নয়।
২০১২ সালের নভেম্বরে সিরিয়ায় অস্ত্রধারীদের হাতে অপহূত হন ৪০ বছর বয়সী ফলি। লিবিয়ার যুদ্ধ নিয়ে প্রতিবেদন দেওয়ার কাজ শেষে সিরিয়ায় যান এই অভিজ্ঞ সাংবাদিক। তিনি গ্লোবাল পোস্ট, এএফপিসহ অন্যান্য সংবাদমাধ্যমে খবর সরবরাহ করতেন।

ভিডিওটির শেষের দিকে জঙ্গিদের হাতে বন্দী অপর একজন জীবিত ব্যক্তিকে দেখা যায়। তিনি মার্কিন সাংবাদিক স্টিভেন সটলফ বলে দাবি করা হয়েছে। ইরাকে আইএসের বিরুদ্ধে মার্কিন হামলা বন্ধে ওবামার নির্দেশের ওপর ওই ব্যক্তির ভাগ্য নির্ভর করছে বলে সতর্ক করেছে জঙ্গিরা।

গত বছরের আগস্টে সিরিয়ায় অপহূত হন সটলফ। তিনি টাইমসহ বিভিন্ন মার্কিন সংবাদপত্র ও সাময়িকীতে লিখতেন।

ভিডিওটি প্রকাশের পর ফলির মা ফেসবুকে দেওয়া বার্তায় বলেন, ‘আমরা জিমকে নিয়ে এর চেয়ে গর্বিত আর কখনোই ছিলাম না। সিরিয়ার মানুষের দুর্দশা বিশ্বের কাছে তুলে ধরতে গিয়ে সে জীবন দিয়েছে। বাকি বন্দীদের হত্যা না করতে অপহরণকারীদের কাছে আমরা করজোড়ে অনুনয় জানাই। জিমের মতো তাঁরা নিরপরাধ। ইরাক, সিরিয়া বা বিশ্বের অন্য কোথাও মার্কিন নীতির ওপর তাঁদের কোনো হাত নেই।’

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র কেটলিন হেইডেন বলেন, ‘ভিডিওটি যদি সত্যি হয়, তবে আমেরিকার একজন নিরপরাধ সাংবাদিককে নির্মমভাবে হত্যার জন্য আমরা মর্মাহত। আমরা তাঁর পরিবার ও বন্ধুদের প্রতি গভীর শোক জানাচ্ছি।’