মার্কিন হুঁশিয়ারি উপেক্ষা করে সিরিয়ার হাসাকায় হামলা চলছে
সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর হাসাকায় কুর্দি বাহিনীকে লক্ষ্য করে সরকারি বাহিনীর বিমান হামলা অব্যাহত হয়েছে। শহরটিতে মার্কিন সেনারা অবস্থান করছেন জানিয়ে এ হামলা বন্ধ রাখতে বলেছে পেন্টাগন। কিন্তু এতে কান না দিয়ে বাসারের বাহিনী হামলা চালিয়ে যাচ্ছে।
এই অবস্থার মধ্যে পড়ে শহরটি ছাড়তে শুরু করেছে হাজারো বেসামরিক মানুষ। কয়েক দিনের হামলায় এরই মধ্যে কমপক্ষে ৪১ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ২৫ জনই বেসামরিক নাগরিক বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, কয়েক দিন ধরে হাসাকা শহরে কুর্দি বাহিনীর অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে প্রেসিডেন্ট বাসার আল-আসাদের বাহিনী। তবে হাসাকা শহরে রয়েছেন মার্কিন বিশেষ বাহিনীর কিছু সদস্য। তাঁরা কুর্দি বাহিনীকে সহযোগিতা করছেন। নিজের দেশের সেনাসদস্যরা আক্রান্ত হতে পারেন, এ আশঙ্কায় মার্কিন প্রশাসন গত বৃহস্পতিবার সেখানে দ্রুত যুদ্ধবিমান পাঠায়। সেগুলো সিরিয়ার সরকারি বাহিনীর বিমানগুলোকে হটিয়ে দেয়।
পেন্টাগন জানায়, তারা প্রথমে ধারণা করেছিল, রাশিয়া হামলা করছে। তবে যোগাযোগ করা হলে জানা যায়, রুশ বাহিনী নয়, সিরীয় সরকারি বাহিনীর বিমান থেকে হামলা হচ্ছে। কুর্দি সংগঠন ওয়াইপিজির বিরুদ্ধে আসাদের বাহিনীর এ ধরনের হামলা অপ্রত্যাশিত। পেন্টাগনের মুখপাত্র ক্যাপ্টেন জেফ ডেভিস বলেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনীর বিমান হাসাকা শহরের আকাশে যাওয়ার পর সিরিয়ার সরকারি বাহিনীর দুটি বিমান সেখান থেকে সরে যায়। তিনি বলেন, ‘আমরা আমাদের সেনাসদস্যদের নিরাপত্তা রক্ষা করব।’