মার্কোসকে বীরোচিত সম্মান দেওয়ার উদ্যোগে বিক্ষোভ

ফিলিপাইনের প্রয়াত সাবেক স্বৈরশাসক ফার্দিনান্দ মার্কোসকে ‘বীরোচিত’ সম্মান দিয়ে জাতীয় বীরদের সমাধিক্ষেত্রে সমাহিত করার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। তবে তাঁর এ সিদ্ধান্ত মেনে নিতে পারেননি দেশটির জনগণ। রাজধানী ম্যানিলায় গতকাল রোববার প্রায় দুই হাজার মানুষ এর বিরোধিতা করে বিক্ষোভ করেছেন। এ ছাড়া দুতার্তের নিজের শহর দাভাওয়েও বিক্ষোভ করেছেন মানবাধিকারকর্মীরা।
মার্কোসের প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে বিশেষ ব্যবস্থায় কাচের বাক্সে সংরক্ষিত তাঁর দেহ আগামী মাসে ফিলিপাইনের উত্তরাঞ্চলে তাঁর নিজের এলাকা থেকে ম্যানিলায় স্থানান্তর করে জাতীয় বীরদের সমাধিক্ষেত্রে সমাহিত করা হবে।
১৯৮৯ সালে মৃত্যুর পর এই স্বৈরশাসকের দেহ প্রদর্শনের জন্য সংরক্ষণ করে রাখে তাঁর পরিবার। সেই সঙ্গে তাঁকে জাতীয় বীরদের সমাধিক্ষেত্রে সমাহিত করার দাবিও জানিয়ে আসছেন তাঁরা।

প্রেসিডেন্টের এ সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে ম্যানিলায় বিক্ষোভে ফিলিপাইনের চার সাংসদও উপস্থিত ছিলেন। তাঁদেরই একজন সিনেটর রাইসা হনটিভেরস মার্কোসকে ‘জাতীয় বীরদের অনুশোচনাহীন শত্রু’ মন্তব্য করে বলেন, ‘এ কাজ করলে আমরা বিশ্বে হাস্যকর জাতিতে পরিণত হব।’
মার্কোস ১৯৬৫ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং ১৯৭২ সালে সামরিক শাসন জারি করেন। স্বৈরতন্ত্রে দেশ পরিচালনা করার সময় তিনি, তাঁর পরিবারের সদস্যরা ও মিত্ররা দুর্নীতির আশ্রয়ে বিপুল পরিমাণ সম্পদের অধিকারী হন বলে খবর প্রচারিত হয়। ভিন্ন মতের মানুষদের সহ্য করেননি মার্কোস। তাঁর সেনাবাহিনী নৃশংসভাবে বিরোধীদের দমন করেছে।
বর্তমান প্রেসিডেন্ট দুতার্তে নিজেকে ‘দুর্নীতির বিরুদ্ধে একজন যোদ্ধা’ বলে দাবি করলেও মার্কোসকে সমর্থন করেন। তাঁর ভাষ্য, তাঁর বাবা মার্কোসের মন্ত্রিসভার সদস্য ছিলেন এবং তিনি নিজেও সাবেক এই স্বৈরশাসককে ভোট দিয়েছেন। এর আগে দুতার্তে বলেছিলেন, মাের্কাসের পরিবারের সমর্থনেই গত ৯ মে অনুষ্ঠিত নির্বাচনে তিনি জয় পেয়েছেন। এই পরিবার এখনো ফিলিপাইনের উত্তরাঞ্চলে নিজেদের এলাকায় ব্যাপক প্রভাবশালী।