মার্কোসকে সমাহিত করা নিয়ে আপত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিপাইনের সাবেক স্বৈরশাসক ফার্ডিনান্ড মার্কোসের মরদেহ দেশটির বীরদের সমাধিতে সমাধিস্থ করার পরিকল্পনায় আপত্তি জানিয়েছে স্থানীয় মানবাধিকার ও ইতিহাসবিষয়ক সংগঠন ন্যাশনাল হিস্টোরিক্যাল কমিশন। দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের এ পরিকল্পনার বিরোধিতা করে গতকাল সোমবার সংগঠনটি বলেছে, মার্কোস তাঁর পেশাগত জীবন নিয়ে মিথ্যার আশ্রয় নিয়েছেন। প্রেসিডেন্ট দুতার্তে রোববার বলেন, জাতীয় ‘বীর সমাধিক্ষেত্রে’ মার্কোসকে সমাহিত করার নির্বাচনী প্রতিশ্রুতি তিনি পূরণ করবেন। মার্কোসের আমলে ব্যাপক দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনার প্রেক্ষাপটে তাঁকে ওই সমাধিতে সমাধিস্থ করার পরিকল্পনা বিতর্কিত একটি ইস্যু হয়ে রয়েছে। মার্কোস দ্বিতীয় বিশ্বযুদ্ধের একজন সেনা ছিলেন, এমন যুক্তিতে তিনি ওই সমাধিক্ষেত্রে স্থান পাওয়ার যোগ্য—প্রেসিডেন্ট দুতার্তের এ বক্তব্যকে চ্যালেঞ্জ জানিয়ে সংগঠনটি বলেছে, মার্কোস যুক্তরাষ্ট্রের কাছ থেকে পদক নেওয়া নিয়ে মিথ্যা বলেছেন। 

এএফপি