মালদ্বীপে অনেকগুলো ধ্বংসাবশেষ শনাক্ত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মালয়েশিয়া এয়ারলাইনসের নিখোঁজ ফ্লাইট এমএইচ৩৭০ অনুসন্ধানে একটি আঞ্চলিক তল্লাশি তৎপরতায় যোগ দিয়েছে মালদ্বীপ। ভারত মহাসাগরে অবস্থিত ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রটির বাসিন্দারা অনেকগুলো ধ্বংসাবশেষ শনাক্ত করার পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মালদ্বীপের পুলিশ গত রোববার জানিয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।
পুলিশের একজন মুখপাত্র জানান, মালদ্বীপের উত্তরাঞ্চলীয় দ্বীপগুলোর উপকূলে ওই ধ্বংসাবশেষগুলো অনেকবার দেখেছে স্থানীয় বাসিন্দারা। এর মধ্যে কয়েকটি পাওয়া যায় এক মাস আগে। এ নিয়ে গত শনিবার কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।
মালদ্বীপের স্থানীয় গণমাধ্যমের খবরগুলো বলছে, সেখানে সবচেয়ে বড় যে ধ্বংসাবশেষ পাওয়া গেছে, তা প্রায় আড়াই মিটার লম্বা ও শূন্য দশমিক ৬ মিটার চওড়া একটি প্যানেল। কয়েক দিন আগে এটি পাওয়া যায়।
দক্ষিণ ভারত মহাসাগরে অবস্থিত ফ্রান্সের শাসনাধীন লা রেউনিয়ঁ দ্বীপের সৈকতে গত জুলাইয়ের শেষের দিকে উড়োজাহাজের পাখার অংশবিশেষ পাওয়া গেছে।
মালদ্বীপের প্রেসিডেন্ট দপ্তরের মন্ত্রী মোহাম্মদ শরিফ জানান, নিখোঁজ মালয়েশীয় উড়োজাহাজটির সম্ভাব্য ধ্বংসাবশেষ খুঁজে পেতে দেশটির বিমান পরিচালনা কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন তাঁরা। শরিফ বলেন, ‘আমরা অচেনা কোনো ধ্বংসাবশেষ পেলেই তা সংগ্রহ করে রেখে দিচ্ছি, যাতে করে মালয়েশিয়ার কর্মকর্তারা সেগুলো পরীক্ষা করে দেখতে পারেন। আমরা নিজেরা কোনো পরীক্ষা করছি না। কিন্তু খুঁজে পাওয়া জিনিসগুলোর ছবি তুলে তাঁদের কাছে পাঠিয়ে দিয়েছি এবং জবাবের জন্য অপেক্ষা করছি।’