মালদ্বীপে চলছে মারধর, হত্যার হুমকি

বিক্ষোভকারীদের দফায় দফায় পেটানো হচ্ছে। সংবাদমাধ্যমের কর্মীদের দেওয়া হচ্ছে হত্যার হুমকি। মালদ্বীপের এই পরিস্থিতির ভয়াবহতা ক্রমে বাড়ছে। সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। সংস্থাটির সরেজমিন তথ্যানুসন্ধানে দ্বীপদেশটির অভ্যন্তরীণ এই চিত্র পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
১৭ থেকে ২২ এপ্রিল অ্যামনেস্টির একটি দল মালদ্বীপে ঘটনা পরিদর্শনে যায়। সেখানে দলটি বিভিন্ন আইনজীবী, সাংবাদিক ও অধিকার-কর্মীদের সঙ্গে কথা বলেছে। তবে কারাগারে থাকা দেশটির সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের সঙ্গে তাঁদের কথা বলতে দেওয়া হয়নি। কোনো সরকারি কর্মকর্তাও তাঁদের সঙ্গে কথা বলতে রাজি হননি। সরকার অবশ্য পরবর্তী মাসে তাঁদের সঙ্গে বসার বৈঠক করার সময় দিয়েছে।
গত বৃহস্পতিবার নয়াদিল্লিতে অ্যামনেস্টির মালদ্বীপ বিষয়ক গবেষক আব্বাস ফায়েজ সাংবাদিকদের বলেন, ‘পর্যটকদের স্বর্গ হিসেবে পরিচিত মালদ্বীপের ভেতরে আসলে কী হচ্ছে, তা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সজাগ হওয়া এবং তা অনুধাবন করা উচিত। সেখানে মানবাধিকার পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে।’

দলটি জানায়, শান্তিপূর্ণ বিক্ষোভ কঠোরভাবে দমন এবং সরকারের সমালোচকদের হেনস্তা করা এখন রাজধানী মালের রোজকার ঘটনা।
বিচারককে আটক করার নির্দেশ দেওয়ার মধ্য দিয়ে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে গত মাসে দেশটির সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদকে ১৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। নাশিদের সমর্থকেরা বলছেন, ২০১৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী নাশিদ যাতে নামতে না পারেন, এ জন্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এ অভিযোগ আনা হয়েছে। একই অভিযোগে নাশিদের সাবেক প্রতিরক্ষামন্ত্রী তোলাত ইব্রাহিমকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ২০০৮ সালে ভারত মহাসাগরের ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র মালদ্বীপে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট ছিলেন মোহাম্মদ নাশিদ।
এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ ও পশ্চিমা বিশ্ব। অথচ দেশটির বর্তমান প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন তাদের দেশের বিচারব্যবস্থার প্রতি শ্রদ্ধা দেখাতে বহির্বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন।
ফায়েজ বলেন, ‘সরকারের বিরুদ্ধে ভিন্নমত পোষণকারীদের হয়রানি ও হামলার মতো ঘটনায় আদালত থেকে ন্যায়বিচার না পাওয়ার পরিমাণ দিন দিন বাড়ছে। ‘আমরা এমন এক সরকারকে নিয়ে কথা বলছি, যারা একটি ভীতিকর পরিবেশ তৈরিতে সরকারের সব প্রতিষ্ঠানকে ব্যাপকভাবে ব্যবহারের চেষ্টা করছে।’
নাশিদসহ তিনটি মামলায় বিচারিক ব্যবস্থার ভূমিকা নিয়ে তিনি বলেন, ন্যায় বিচারের অধিকারের গুরুত্ব ব্যাপকভাবে কমে যাচ্ছে। মোহাম্মদ নাশিদকে ভুয়া বিচারের মধ্য দিয়ে শাস্তি দেয়। এর মধ্য দিয়ে বোঝা যায়, মালদ্বীপ সরকার তার ক্ষমতাকে শক্তিশালী করতে বিচার ব্যবস্থাকে ব্যবহার করছে।

গত ফেব্রুয়ারি থেকে প্রায় ১৪০ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁদের শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়। আর এসব শর্তের কারণে পরবর্তী কোনো বিক্ষোভে তাঁদের অংশ নেওয়ার অধিকার অনেকটাই হরণ করা হয়।
সরকার-সমর্থিত দুর্বৃত্তের হামলা
আব্বাস ফায়েজ আল জাজিরাকে বলেন, সন্ত্রাসী দুর্বত্তরা মালেতে প্রায় প্রতিদিনই শান্তিপূর্ণ রাজনৈতিক বিক্ষোভগুলোতে সহিংস হামলা চালাচ্ছে। পুলিশ তা দেখেও না দেখার ভান করে। তিনি বলেন, দুর্বৃত্ত অতর্কিতে এসে পুলিশের সামনেই বিক্ষোভে হামলা চালায়। বিক্ষোভকারীরা এ নিয়ে অভিযোগ করলেও পুলিশ আমল দেয় না। এই সন্ত্রাসীরা পুলিশের সঙ্গে সরাসরি মিলে কাজ করছে কি না, এ বিষয়ে নিশ্চিত না হলেও আমরা নিশ্চিত পুলিশ তাদের থামাতে বা তাদের বিরুদ্ধে তদন্ত করতে কোনো পদক্ষেপ নেয় না।’
ফায়েজ বলেন, ‘দেশটিতে এখন চরম রাজনৈতিক উত্তেজনা চলছে। এর মধ্যে সরকারবিরোধীদের আরও হয়রানি ও হামলা করা হলে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।’
ভারতকে পদক্ষেপ নেওয়ার আহ্বান
অ্যামনেস্টির ইন্টারন্যাশনালের ভারত শাখার পরামর্শক সমন্বয়কারী দলের সদস্য রঘু মেনন। তিনি মালদ্বীপের এই প্রতিনিধি দলে ছিলেন। তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ব্যাপকভাবে হরণ করা হচ্ছে, তাই মালদ্বীপে মানবাধিকার রক্ষার মতো পরিবেশ তৈরি করতে প্রভাবশালী প্রতিবেশী দেশ এবং আঞ্চলিক শক্তি হিসেবে ভারতেরও দায়িত্ব রয়েছে।
অ্যামনেস্টি জানায়, মালদ্বীপের সুশীল সমাজ দেশটিতে মানবাধিকার রক্ষা ও উন্নয়ন ঘটাতে বিশ্ব সম্প্রদায়ের দিকে, বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্র ভারতের দিকে তাকিয়ে আছে। এএফপি, দ্য হিন্দু ও আল-জাজিরা অবলম্বনে