মালদ্বীপে ছুরি মেরে ব্লগার হত্যা
মালদ্বীপের রাজধানী মালেতে এক উদারপন্থী ব্লগারকে ছুরি মেরে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাঁর নাম ইয়ামিন রশিদ (২৯)। পরিবারের সদস্য ও সহকর্মীরা গতকাল রোববার এ কথা জানিয়েছেন।
ইয়ামিনের পরিবারের সদস্যরা জানান, ঘাতক গলা ও বুকে একাধিকবার ছুরিকাঘাত করে বাড়ির সিঁড়িতে ফেলে রেখে যায় ইয়ামিনকে। গতকাল সকালে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই মারা যান তিনি।
ইয়ামিন দেশটির রাজনীতিকদের নিয়ে তাঁর ‘দ্য ডেইলি প্যানিক’ শিরোনামের ব্লগে রসিকতা করতেন। ভারত মহাসাগরের ছোট দ্বীপ দেশটিতে গত পাঁচ বছরে দুর্বৃত্তদের হামলার শিকার গণমাধ্যম ব্যক্তিত্বদের মধ্যে ইয়ামিন রশিদ তৃতীয়।
মালেতে বেশ কিছুদিন থেকে রাজনৈতিক অস্থিরতা চলছে। গত মাসের শেষ দিকে বিরোধীরা পার্লামেন্টের স্পিকারকে অভিশংসিত করার চেষ্টা করলে উত্তেজনার সৃষ্টি হয়।
এর আগে ২০১২ সালে ইসমাইল রশিদ নামে এক ব্লগারকে অজ্ঞাতপরিচয় হামলাকারীরা ছুরিকাঘাতে আহত করে। আর ২০১৪ সাল থেকে মিনিভ্যান নিউজের সাংবাদিক আহমেদ রিলওয়ান নিখোঁজ রয়েছেন।