মালদ্বীপে এক মাসের জরুরি অবস্থা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালদ্বীপে গতকাল বুধবার এক মাসের জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন। সরকারবিরোধী সমাবেশ সামনে রেখে নিরাপত্তা বাহিনীকে সন্দেহভাজনদের গ্রেপ্তারের ক্ষমতা দিয়ে ওই জরুরি অবস্থা জারি করা হয়। খবর বিবিসি ও এএফপির।
মালদ্বীপের প্রধান বিরোধী দল মালদ্বীভিয়ান ডেমোক্রেটিক পার্টির (এমডিপি) পরিকল্পিত সমাবেশের দুই দিন আগে প্রেসিডেন্ট ইয়ামিন জরুরি অবস্থা জারি করলেন। এমডিপির নেতা ও দেশটির সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ বর্তমানে কারাগারে আছেন। সন্ত্রাসবিরোধী আইনে তাঁকে সাজা দেওয়া হয়। নাশিদের সাজা দেওয়ার ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করে এর তীব্র সমালোচনা করে আসছে জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো। নাশিদকে মুক্তি দিতে প্রেসিডেন্ট ইয়ামিনের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে রাজধানী মালেতে সমাবেশ ডাকে এমডিপি।
প্রেসিডেন্ট ইয়ামিনের মুখপাত্র মুয়াজ আলী খুদে বার্তা লেখার ওয়েবসাইট টুইটারে লিখেছেন, ‘মালদ্বীপের প্রতিটি জনগণের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে প্রেসিডেন্ট ইয়ামিন জরুরি অবস্থা জারি করেছেন।’
জরুরি অবস্থা জারির কারণে দেশটির সংবিধানের বেশ কয়েকটি ধারা স্থগিত থাকবে।
রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, জরুরি অবস্থা জারির আরেকটি কারণ গত ২৮ সেপ্টেম্বর প্রেসিডেন্ট ইয়ামিনের স্পিডবোটে বিস্ফোরণের ঘটনা। ওই ঘটনায় প্রেসিডেন্টের স্ত্রীসহ চারজন সামান্য আহত হন। অক্ষত থাকেন প্রেসিডেন্ট। এরপর থেকে দেশটিতে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ওই বিস্ফোরণের সঙ্গে জড়িত অভিযোগে দেশটির ভাইস প্রেসিডেন্ট আহমেদ আদিবকে গত ২৪ অক্টোবর গ্রেপ্তার করা হয়। তবে তদন্তে তাঁর জড়িত থাকার প্রমাণ মেলেনি। মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই ওই ঘটনা তদন্ত করে জানায়, স্পিডবোটের বিস্ফোরণ বোমার কারণে অথবা অন্য কোনো কারণে হয়ে থাকতে পারে।
এদিকে মালদ্বীপের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ অনিল গত সোমবার বলেন, প্রেসিডেন্ট প্রাসাদের অদূরে দুটি জায়গা থেকে বেশ কিছু অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়। সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালিয়ে এসব অস্ত্র-বিস্ফোরক উদ্ধার করে। ওই ঘটনার পর জাতীয় নিরাপত্তা পরিষদ জনগণের নিরাপত্তার জন্য জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য সরকারকে পরামর্শ দেয়।