মালদ্বীপে নাশিদের ৩১ সমর্থক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালদ্বীপের বিরোধীদলীয় নেতা ও সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের ৩১ সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাজধানী মালেতে আয়োজিত সমাবেশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। খবর এএফপির।
পুলিশ গতকাল শনিবার ৩১ জনকে গ্রেপ্তার ও চারজনকে আটকের পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানায়। 
নাশিদ মালদ্বীপের প্রথম গণতান্ত্রিক নির্বাচনে প্রেসিডেন্ট হন। তাঁর বিরুদ্ধে ২০১২ সালে ক্ষমতার অপব্যবহার করে তখনকার ফৌজদারি আদালতের প্রধান বিচারক আবদুল্লাহ মোহাম্মদকে গ্রেপ্তার করার অভিযোগ আছে। গত ২২ ফেব্রুয়ারি পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এর আগের সপ্তাহে ক্ষমতার অপব্যবহারের অভিযোগটি তুলে নেওয়া হয়। তবে একই ঘটনার সূত্রেই ২২ ফেব্রুয়ারি তাঁর বিরুদ্ধে আরও কঠোর সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগ আনা হয়।