মালদ্বীপে প্রধান কৌঁসুলিকে অপসারণ
মালদ্বীপের পার্লামেন্ট দেশের প্রধান কৌঁসুলি মুহতাজ মুহজিনকে অপসারণ করেছে। বরখাস্ত হওয়া ভাইস প্রেসিডেন্ট আহমেদ আদিবের বিরুদ্ধে ষড়যন্ত্রের মামলা রুজু করতে রাজি না হওয়ায় পদ থেকে বিদায় দেওয়া হলো তাঁকে। খবর দ্য গার্ডিয়ানের।
জুলাই থেকে পার্লামেন্টের মাধ্যমে অপসারণ করা শীর্ষ কর্মকর্তাদের মধ্যে তৃতীয় ব্যক্তি হলেন মুহজিন। এর মধ্য দিয়ে দেশটির রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হলো।
মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনকে হত্যা চক্রান্তের অভিযোগে সম্প্রতি ভাইস প্রেসিডেন্ট আহমেদ আদিবকে বরখাস্ত করা হয়। মুহতাজ মুহজিনকে নির্দেশ দেওয়া হয় তাঁর বিরুদ্ধে মামলা করতে। কিন্তু পুলিশের অভিযোগ জোরালো নয় বলে উল্লেখ করে মামলা করতে রাজি হননি তিনি। এর পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার মালদ্বীপের পার্লামেন্টে মুহতাজ মুহজিনকে অপসারণের জন্য ভোটাভুটির আয়োজন করা হয়। ৮৫ সদস্যের পার্লামেন্টে ৫৭ জন আইনপ্রণেতা তাঁকে অপসারণের পক্ষে ভোট দেন।