
মালদ্বীপে জরুরি অবস্থা ঘোষণাকে রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে সরকারি অভিযানের আরেকটি অস্ত্র বলে মনে করে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। শুধু অ্যামনেস্টিই নয়, মালদ্বীপের সার্বিক রাজনৈতিক সংকটের বিষয়ে অনেক বিশ্লেষকের ধারণা এমনটাই।
মালদ্বীপে গত বুধবার ৩০ দিনের জরুরি অবস্থা ঘোষণা করেন দেশটির প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন। অনেকেই দেশটির এই সংকটের ‘আয়োজক’ মনে করেন এই ইয়ামিনকেই। জরুরি অবস্থা ঘোষণায় ভারত মহাসাগরীয় এই দেশটির ২০০৮ সাল থেকে শুরু হওয়া গণতন্ত্রের ধারা বেশ বড় একটা ধাক্কাই খেল।
মালদ্বীপের জ্যেষ্ঠ সাংবাদিক ও বিশ্লেষক হাসান জহির দ্য হিন্দুকে বলেন, প্রধান বিরোধী দল মালদ্বিভীয়ান ডেমোক্রেটিক পার্টির (এমডিপি) সমাবেশ ঠেকাতেই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ওই সমাবেশ আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারত।
রাজধানী মালেতে এমডিপির ডাকা সমাবেশের দুই দিন আগে জরুরি অবস্থা জারি করা হয়। এমডিপির নেতা ও সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের মুক্তির দাবিতে ওই সমাবেশ ডাকা হয়েছিল। সন্ত্রাসবিরোধী আইনে তাঁকে সাজা দেওয়া হয়। এই সাজাকে উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে তীব্র সমালোচনা করে আসছে জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো।
শুধু সাবেক প্রেসিডেন্ট নাশিদ নয়, আটক করা হয়েছে দেশটির ভাইস প্রেসিডেন্ট আহমেদ আদিবকেও। গত ২৮ সেপ্টেম্বর প্রেসিডেন্ট ইয়ামিনের স্পিডবোটে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় প্রেসিডেন্টের স্ত্রীসহ চারজন সামান্য আহত হন। অক্ষত থাকেন প্রেসিডেন্ট। বিস্ফোরণের সঙ্গে জড়িত অভিযোগে দেশটির ভাইস প্রেসিডেন্ট আদিবকে গত ২৪ অক্টোবর গ্রেপ্তার করা হয়।
সরকারের পক্ষ থেকে সর্বশেষ বলা হয়, প্রেসিডেন্ট প্রাসাদের অদূরে দুটি জায়গা থেকে বেশ কিছু অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়। সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালিয়ে এসব অস্ত্র-বিস্ফোরক উদ্ধার করে। ওই ঘটনার পর জাতীয় নিরাপত্তা পরিষদ জনগণের নিরাপত্তার জন্য জরুরি পদক্ষেপ নিতে সরকারকে পরামর্শ দেয়।
তবে এসব ঘটনাকে কারণ হিসেবে উল্লেখ করে জরুরি অবস্থা জারির বিষয়টি যুক্তিযুক্ত মনে করেন না মানবাধিকার সংগঠন ও বিশ্লেষকেরা। তাঁরা মোহাম্মদ নাশিদ ও আহমেদ আদিবের ন্যায়বিচারের দাবিও তুলেছেন।
যুক্তরাজ্যভিত্তিক সংগঠন অ্যামনেস্টির মুখপাত্র ওলাফ ব্লোমকভিস্ট বলেন, ‘আমরা গভীরভাবে উদ্বিগ্ন। জরুরি অবস্থা জারির ফলে স্বাধীনতাগুলো স্থগিত হয়েছে।’
মালদ্বীপের প্রেসিডেন্ট ইয়ামিন ও পররাষ্ট্রমন্ত্রী ডুনা মামুন জোরের সঙ্গে বলেছেন, মালদ্বীপ স্থিতিশীল রয়েছে। দেশটিতে ব্যবসা ও পর্যটন খাতের হুমকিগুলো নিষ্ক্রিয় করা হয়েছে।
মালদ্বীপের সার্বিক পরিস্থিতি নিয়ে ভারত কোনো মন্তব্য করতে রাজি হয়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্য হিন্দুকে বলেছেন, তাঁরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।